ঢাকা২২শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ

ট্রাক-কাভার্ডভ্যানের চাপায় প্রাণ গেল অটোরিকশার ৪ যাত্রীর

admin
ডিসেম্বর ১২, ২০২৪ ১২:২২ অপরাহ্ণ
Link Copied!

গাজীপুর প্রতিনিধি
১২ ডিসেম্বর ২০২৪

গাজীপুরে ট্রাক ও কাভার্ডভ্যানের চাপায় অটোরিকশার চার যাত্রী নিহত হয়েছেন। গতকাল বুধবার রাত ১০টার দিকে বাসন থানাধীন ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে চান্দনা চৌরাস্তায় এ দুর্ঘটনা ঘটে

নিহতরা হলেন- দুলাল মিয়া (২৭), মো. মামুন (২৮), ইমরান হাসান রাজন (২৯) ও সালেহা আক্তার (২৩)। নিহত মামুন বাসন থানার নজরুল ইসলামের ছেলে এবং সালেহা আক্তার চান্দনা এলাকার মোশাররফ হোসেনের স্ত্রী।

পুলিশ ও হাসপাতাল সূত্রে জানা যায়, চান্দনা চৌরাস্তা এলাকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে একটি ট্রাক যাত্রীবাহী একটি অটোরিকশাকে পেছন থেকে ধাক্কা দেয়। এতে অটোরিকশাটি সামনের আরেকটি কাভার্ডভ্যানের পেছনে লেগে দুই গাড়ির চাপায় পড়ে। এতে অটোরিকশায় থাকা যাত্রী মো. দুলাল মিয়া ঘটনাস্থলেই মারা যান।

এ ঘটনায় অন্য তিনজন গুরুতর আহত হলে আশপাশের লোকজন তাদের উদ্ধার করে গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে।সেখানে চিকিৎসাধীন অবস্থায় তাদের মৃত্যু হয়।পুলিশ ট্রাক ও কাভার্ডভ্যানটি জব্দ করেছে।

গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার শেখ ফাহাদ বলেন, রাত ১১টার দিকে একজন এবং ১২টার দিকে আরও দুজনকে হাসপাতালে নিয়ে আসা হয়েছে। নিহতদের মধ্যে তিনজন পুরুষ ও একজন নারী। লাশ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।

গাজীপুর মেট্রোপলিটনের বাসন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাহেদুল ইসলাম চারজনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন, এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।ময়নাতদন্ত শেষে মরদেহগুলো স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।