সত্য সমাচার ডিজিটাল:
আগামীকাল ট্রাইব্যুনাল শেখ হাসিনার বিরুদ্ধে যে রায় দেবেন সেটিই কার্যকর করা হবে বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লে. জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী। তিনি বলেন, ‘সোমবার ট্রাইব্যুনাল রায় যা-ই দিক, তা কার্যকর হবে। দেশে যেকোনো ধরনের বিশৃঙ্খলা ঠেকাতে আইন-শৃঙ্খলা রক্ষা বাহিনী প্রস্তুত আছে।’
রবিবার (১৬ নভেম্বর) দুপুর ২টায় বরিশাল পুলিশ লাইনসে আইন-শৃঙ্খলা রক্ষা বাহিনীসহ মাঠ প্রশাসনের শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে বৈঠক শেষে তিনি সাংবাদিকদের এসব কথা বলেন।
সাংবাদিকদের প্রশ্নের জবাবে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, ‘নির্বাচনকে সামনে রেখে মাঠ প্রশাসনকে ঢেলে সাজানো হয়েছে। বর্তমান আইন-শৃঙ্খলা পরিস্থিতি খুব ভালো কিংবা খুব মন্দ নয়, মাঝামাঝি পর্যায়ে শৃঙ্খলা পরিস্থিতি রয়েছে। এর পরেও আগামী নির্বাচনকে কেন্দ্র করে কোনো ধরনের সহিংসতা কিংবা অপ্রীতিকর ঘটনা যেন না ঘটতে পারে সে ব্যাপারে নির্দেশ দেওয়া হয়েছে।’
দেশে এখন সবাই নির্বাচনমুখী জানিয়ে সবার সহযোগিতা চেয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা।
সম্পাদক:মো: আবু ফাত্তাহ
বেঙ্গল সেন্টার (৬ষ্ঠ তলা) ২৮ তোফখানা রোড ঢাকা-১০০০।
ফোন:০১৬১৮৫১১৫১৭ মেইল: sattyasamacher@gmail.com
Copyright © 2026 sattyasamacher.com. All rights reserved.