সত্য সমাচার ডিজিটাল: বাংলাদেশের টেক্সটাইল, ডাইং ও প্রিন্টিং শিল্পে প্রযুক্তির আধুনিকায়ন ও বিনিয়োগ বাড়াতে চীনা উদ্যোক্তাদের এগিয়ে আসার আহ্বান জানিয়েছে বাংলাদেশ-চায়না চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (বিসিসিসিআই)। সংগঠনের নেতৃবৃন্দের মতে, বিশ্ববাজারে উচ্চমূল্যের পোশাকের প্রতিযোগিতায় টিকে থাকতে এবং দেশীয় কারখানাগুলোর সক্ষমতা বৃদ্ধিতে বিদেশি কারিগরি সহযোগিতা এখন সময়ের দাবি। মঙ্গলবার রাজধানীতে বিসিসিসিআই কার্যালয়ে আয়োজিত এক উচ্চপর্যায়ের দ্বিপাক্ষিক বৈঠকে এই আহ্বান জানানো হয়। ২০ সদস্যের এই চীনা প্রতিনিধিদলে দেশটির টেক্সটাইল কাউন্সিল, ডাইং অ্যান্ড প্রিন্টিং অ্যাসোসিয়েশন এবং শীর্ষস্থানীয় কেমিক্যাল উৎপাদনকারী প্রতিষ্ঠানের চেয়ারম্যান ও নীতি-নির্ধারকরা উপস্থিত ছিলেন।
বৈঠকে বিসিসিসিআই’র সভাপতি মোহাম্মদ খোরশেদ আলম বাংলাদেশের প্রতিনিধিদলের নেতৃত্ব দেন। তিনি দুই দেশের বাণিজ্যিক সম্পর্কের গভীরতা তুলে ধরে বলেন, "বাংলাদেশ ও চীনের শিল্প উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখা এই খাতগুলোর প্রতিনিধিদের অংশগ্রহণ, দুই দেশের সহযোগিতার এক নতুন সম্ভাবনা তৈরি করেছে।" তিনি বর্তমান পরিস্থিতির গুরুত্ব বিশ্লেষণ করে আরও বলেন, "বর্তমানে বাংলাদেশের ৪০টির বেশি শিল্পপ্রতিষ্ঠান আর্থিক ও কারিগরি চ্যালেঞ্জের মুখে রয়েছে। এ বাস্তবতায় নতুন কারখানা স্থাপনের পরিবর্তে বিদ্যমান শিল্পপ্রতিষ্ঠান আধুনিকায়ন ও উন্নয়নে বিদেশি সহযোগিতা অধিক কার্যকর ও ব্যয়-সাশ্রয়ী হতে পারে।" তিনি মনে করেন, চীনা প্রযুক্তি ও দক্ষতা কাজে লাগিয়ে যৌথ অংশীদারত্বের ভিত্তিতে কাজ করলে বাংলাদেশের তৈরি পোশাক খাত আরও শক্তিশালী হবে।
অন্যদিকে চীনা প্রতিনিধিদলের পক্ষ থেকে লি লিংশেন দুই দেশের নিবিড় বাণিজ্যিক সম্পর্কের চিত্র তুলে ধরেন। তিনি জানান, "চীন প্রতিবছর প্রায় ৯ বিলিয়ন মার্কিন ডলারের কাপড় বাংলাদেশে রপ্তানি করে, যা দুই দেশের শক্তিশালী বাণিজ্যিক সম্পর্কের প্রতিফলন।" তিনি আরও উল্লেখ করেন যে, চীনের সরকারি ও বেসরকারি শিল্প গোষ্ঠীগুলো বর্তমানে বাংলাদেশসহ দক্ষিণ-পূর্ব এশিয়ায় বিনিয়োগের বিষয়টিকে অত্যন্ত গুরুত্বের সাথে বিবেচনা করছে। বাংলাদেশের সম্ভাবনা সম্পর্কে তিনি বলেন, "শক্তিশালী উৎপাদন সক্ষমতা ও দক্ষ জনশক্তির কারণে, বাংলাদেশ টেক্সটাইল ও পোশাক শিল্পে একটি সম্ভাবনাময় গন্তব্য। ভবিষ্যতেও দ্বিপক্ষীয় শিল্প সহযোগিতা জোরদারে বিসিসিসিআই গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।"
সম্পাদক:মো: আবু ফাত্তাহ
বেঙ্গল সেন্টার (৬ষ্ঠ তলা) ২৮ তোফখানা রোড ঢাকা-১০০০।
ফোন:০১৬১৮৫১১৫১৭ মেইল: sattyasamacher@gmail.com
Copyright © 2026 sattyasamacher.com. All rights reserved.