
হিমালয় অঞ্চলের প্রায় ৩ কোটি মানুষের দেশ নেপালে নতুন সংসদ গঠনের লক্ষ্যে ভোটগ্রহণ শুরু হয়েছে।
আজ বৃহস্পতিবার স্থানীয় সময় সকাল ৭টা থেকে শুরু হওয়া ভোটগ্রহণ চলবে বিকেল ৫টা পর্যন্ত।
জেন-জিদের বিক্ষোভের মুখে সরকার পতনের ৬ মাসের মাথায় অনুষ্ঠিত হচ্ছে নেপালের সাম্প্রতিক ইতিহাসের অন্যতম প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ সাধারণ নির্বাচন।
উল্লেখ্য, ২০০৬ সালে গৃহযুদ্ধ শেষ হওয়ার পর এটিই তুলনামূলক সবচেয়ে উত্তেজনাপূর্ণ নির্বাচন। এবারের ভোটকে পুরোনো রাজনৈতিক নেতৃত্ব ও শক্তিশালী যুব আন্দোলনের মধ্যে এক উচ্চঝুঁকির লড়াই হিসেবে দেখা হচ্ছে।
সংবাদ সংস্থা এএফপির প্রকাশিত ছবিতে দেখা গেছে, ভোটাররা বিভিন্ন কেন্দ্রের সামনে দীর্ঘ লাইনে দাঁড়িয়ে ভোট দিচ্ছেন। প্রায় ১ কোটি ৯০ লাখ ভোটার অন্তর্বর্তী সরকারের পরিবর্তে নতুন সরকার গঠনের জন্য তাদের প্রতিনিধি নির্বাচন করছেন।
প্রসঙ্গত, ২০২৫ সালের সেপ্টেম্বরের গণআন্দোলনের পর থেকেই দেশটিতে অন্তর্বর্তী সরকার ক্ষমতায় রয়েছে। সেই আন্দোলনে অন্তত ৭৭ জন নিহত হন এবং সংসদ ভবনসহ বহু সরকারি স্থাপনায় অগ্নিসংযোগ করা হয়।
২০২৫ সালে সামাজিক যোগাযোগমাধ্যমে স্বল্প সময়ের জন্য নিষেধাজ্ঞা জারির প্রতিবাদ থেকে জেন-জি তরুণদের নেতৃত্বে আন্দোলন শুরু হলেও পরে দুর্নীতি ও দুর্বল অর্থনীতির বিরুদ্ধে ব্যাপক অসন্তোষ এতে যোগ হয়। অন্তর্বর্তী প্রধানমন্ত্রী সুশীলা কার্কি ভোটারদের ভয়ভীতি ছাড়া ভোট দেওয়ার আহ্বান জানিয়েছেন। নিরাপত্তা নিশ্চিত করতে ভোটকেন্দ্রে হাজারো সেনা ও পুলিশ মোতায়েন করা হয়েছে।
এদিকে দেশটির সংসদের নিম্নকক্ষ প্রতিনিধি পরিষদের ২৭৫টি আসনের মধ্যে সরাসরি নির্বাচনের মাধ্যমে ১৬৫টি আসনে ৩ হাজার ৪০০ জনের বেশি প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। বাকি ১১০টি আসন দলীয় তালিকার ভিত্তিতে বণ্টন করা হবে।
প্রধান নির্বাচন কমিশনার রাম প্রসাদ ভান্ডারি জানিয়েছেন, সরাসরি নির্বাচনের প্রাথমিক ফল ২৪ ঘণ্টার মধ্যে প্রকাশ করা হতে পারে, তবে আনুপাতিক প্রতিনিধিত্ব পদ্ধতির ফল প্রকাশে বেশি সময় লাগতে পারে।
উল্লেখ্য, ২০২৫ সালের জেন জি আন্দোলনে সাবেক প্রধানমন্ত্রী কে পি শর্মা অলির সরকার পতনের পর এই প্রথম জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে।
সম্পাদক:মো: আবু ফাত্তাহ
বেঙ্গল সেন্টার (৬ষ্ঠ তলা) ২৮ তোফখানা রোড ঢাকা-১০০০।
ফোন:০১৬১৮৫১১৫১৭ মেইল: sattyasamacher@gmail.com
Copyright © 2026 sattyasamacher.com. All rights reserved.