সত্য সমাচার ডিজিটাল:
জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বার্ষিকী উপলক্ষে মাসব্যাপী কর্মসূচি ঘোষণা করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। একই সঙ্গে জুলাই হত্যাকাণ্ডের বিচার, শহিদ ওসমান বিন হাদির হত্যাকারীদের শাস্তি এবং সংবিধান সংস্কার পরিষদের অধিবেশন আহ্বানসহ তিন দফা দাবি জানিয়েছে দলটি।
আজ মঙ্গলবার রাজধানীর জাতীয় প্রেসক্লাবের আবদুস সালাম হলে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব কর্মসূচি ও দাবি ঘোষণা করেন জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার।
তিনি বলেন, ২ থেকে ৯ জুলাই পর্যন্ত রাজধানীতে জুলাই গণঅভ্যুত্থানে শহিদ, আহত ও পঙ্গু পরিবারের সদস্যদের সঙ্গে মতবিনিময়, জুলাইয়ের স্মৃতিবিজড়িত স্থান পরিদর্শন ও স্মৃতিচারণ, আলোচনা সভা এবং দোয়া মাহফিল অনুষ্ঠিত হবে। এ ছাড়া ১৬ জুলাই ‘জুলাই শহিদ দিবস’ উপলক্ষে ঢাকার দুই মহানগরীর উদ্যোগে আলোচনা সভার আয়োজন করা হবে।
মিয়া গোলাম পরওয়ার বলেন, ১৮ থেকে ৩১ জুলাই পর্যন্ত সারা দেশে শহিদ, আহত ও পঙ্গু পরিবারের সঙ্গে মতবিনিময়, স্মৃতিবিজড়িত স্থানগুলোতে স্মৃতিচারণ, আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হবে। আগামী ১ আগস্ট মহানগর, জেলা ও উপজেলা পর্যায়ে গণমিছিল কর্মসূচি পালন করবে দলটি। একই সময়ে, ১ থেকে ৪ আগস্ট পর্যন্ত শ্রমিক সংগঠনের উদ্যোগে পৃথক কর্মসূচিও অনুষ্ঠিত হবে।
তিনি বলেন, ৫ আগস্ট ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ উপলক্ষে রাজধানীসহ সারাদেশের জেলা, মহানগর ও উপজেলায় ১১ দলের উদ্যোগে আয়োজিত সমাবেশ ও মিছিলে বাংলাদেশ জামায়াতে ইসলামী সমর্থন ও অংশগ্রহণ করবে। পাশাপাশি মহিলা বিভাগ, ছাত্র সংগঠন এবং জুলাইযোদ্ধাদের বিভিন্ন ফোরামের উদ্যোগে গৃহীত কর্মসূচিতেও দলটির নেতাকর্মীরা অংশ নেবেন।
সংবাদ সম্মেলনে তিন দফা দাবি তুলে ধরে মিয়া গোলাম পরওয়ার বলেন, জুলাইয়ের হত্যাকাণ্ড ও মানবতাবিরোধী অপরাধে জড়িতদের বিচার দ্রুত সম্পন্ন করতে হবে। এ ছাড়া শহিদ ওসমান বিন হাদির হত্যাকারীদের বিচারের আওতায় আনতে হবে এবং গণভোটের গণরায় ও জুলাই সনদ বাস্তবায়নের লক্ষ্যে সংবিধান সংস্কার পরিষদের অধিবেশন আহ্বান করতে হবে।
সংবাদ সম্মেলনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা আবদুল হালিমসহ প্রমুখ নেতারা উপস্থিত ছিলেন।
সম্পাদক:মো: আবু ফাত্তাহ
বেঙ্গল সেন্টার (৬ষ্ঠ তলা) ২৮ তোফখানা রোড ঢাকা-১০০০।
ফোন:০১৬১৮৫১১৫১৭ মেইল: sattyasamacher@gmail.com
Copyright © 2026 sattyasamacher.com. All rights reserved.