সত্য সমাচার ডিজিটাল
২৬ মার্চ ২০২৫,
জাতির উদ্দেশে দেওয়া ভাষণে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস স্বাধীনতার ঘোষক জিয়াউর রহমান বীর উত্তমের নাম একবারও উচ্চারণ না করায় হতাশ হয়েছেন বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
আজ বুধবার জিয়া উদ্যানে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদনের পর তিনি এই প্রতিক্রিয়া ব্যক্ত করেন।
হতাশা প্রকাশ করে বিএনপি মহাসচিব বলেন, ‘আমি অত্যন্ত হতাশ হয়েছি, গতকাল প্রধান উপদেষ্টা জাতির উদ্দেশে যে বক্তব্য দিয়েছেন, সেখানে নির্বাচনী রোডম্যাপের কথা বলেননি। আমি হতাশ হয়েছি, প্রধান উপদেষ্টার ভাষণে স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীর উত্তমের নাম একবারও উচ্চারণ করেননি।’
এ সময় ফ্যাসিস্ট শেখ হাসিনার শাসন আমলের নির্মম অত্যাচারের কথা তুলে ধরে মির্জা ফখরুল বলেন, ‘জুলাই-আগস্টে ছাত্র-জনতার বিদ্রোহের মধ্য দিয়ে গণঅভ্যুত্থানের মাধ্যমে আমরা আবার গণতন্ত্র ফিরে পেয়েছি। আমরা আশা করব, অন্তর্বর্তী সরকার দ্রুত ন্যূনতম সংস্কার করে অর্থাৎ যা নির্বাচনের জন্য প্রয়োজন তা করে নির্বাচনের ঘোষণা দেবেন।’
এ সময় তার সঙ্গে আরও ছিলেন– দলের স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী, যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন, প্রচার সম্পাদক শহীদ উদ্দিন চৌধুরী এ্যানী, যুগ্ম মহাসচিব হাবিব উন নবী খান সোহেল, চেয়ারপারসনের উপদেষ্টা আমান উল্লাহ আমান ও ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমিনুল হক প্রমুখ।

