রবিউল আলম, উল্লাপাড়া (সিরাজগঞ্জ) সংবাদদাতাঃ
বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল আলহাজ্ব মাওলানা রফিকুল ইসলাম খান বলেছেন, জামায়াত ক্ষমতায় গেলে দূর্নীতি মুক্ত বাংলাদেশ গড়বে। আমরা নিজেরা দূর্নীতি করবো না অন্য কাউকে করতে দিবো না। জামায়াত একটি সুশৃঙ্খল দল তাই এই দলের মাধ্যমে শান্তির বাংলাদেশ গড়া সম্ভব। দুর্নীতি বন্ধ করা গেলে কাউকেই বিদেশে গিয়ে ভিক্ষা করতে হবে না। পাঁচ বছরেই বাংলাদেশ বিশ্বের দরবারে মাথা উঁচু করে দাঁড়াবে। অতীতে যাঁরাই ক্ষমতায় ছিল তাঁরাই দূর্নীতি করে দেশকে দেউলিয়া করে ফেলছে।
বুধবার (১০ ডিসেম্বর) সন্ধ্যায় সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার ৫নং সৈয়দপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে ওয়ার্ড জামায়াতে ইসলামী আয়োজিত নির্বাচনী সাধারণ সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, যারা ক্ষমতার জন্য নিজের দলের কর্মীদের হত্যা করতে দ্বিধা করে না তাদের কাছে দেশের মানুষ নিরাপদ নয়।যে দল ক্ষমতায় যাওয়ার আগেই বাসস্ট্যান্ড, টেম্পুস্ট্যান্ড, হাট-বাজার দখল বালুমহল দখল, এমনকি পাথরও লুটপাট করেছে, সেই দল ক্ষমতায় গেলে দেশেকে দেউলিয়া বানিয়ে ফেলবে।
নির্বাচনী সাধারণ সভায় ৫ নংওয়ার্ড জামায়াতের সভাপতি হাফেজ আবু ইউসুফ এর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর উল্লাপাড়া উপজেলা জামায়াতের আমীর ও সাবেক ভাইস চেয়ারম্যান অধ্যাপক শাহজাহান আলি, উপজেলা জামায়াতের সাধারণ সম্পাদক খায়রুল ইসলাম, উপজেলা জামায়াতের দপ্তর সম্পাদক আব্দুল বারী, উপজেলা জামায়াতের কর্মপরিষদ সদস্য রফিকুল ইসলাম প্রধান, বড়পাঙ্গাসি ইউনিয়ন জামায়াতের সভাপতি ইব্রাহিম খলিল মাস্টার, ইউনিয়ন জামায়াতের সাধারণ সম্পাদক আরমান হোসেন প্রমুখ।

