ঢাকা২৬শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ

জরুরি জ্বালানি চাহিদা মেটাতে তিন লাখ টন ডিজেল আমদানির অনুমোদন

admin
মার্চ ২৬, ২০২৬ ১১:০৮ অপরাহ্ণ
Link Copied!

সত্য সমাচার ডিজিটাল:: অস্থিতিশীল বৈশ্বিক ভূরাজনৈতিক পরিস্থিতির প্রেক্ষাপটে দেশে জরুরি জ্বালানি চাহিদা পূরণে মোট ৩ লাখ মেট্রিক টন ডিজেল আমদানির নীতিগত অনুমোদন দিয়েছে অর্থনৈতিক বিষয়সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি।

বৃহস্পতিবার (২৬ মার্চ) অনুষ্ঠিত কমিটির সভাটি ছিল ২০২৫-২৬ অর্থবছরের ২৯তম এবং ২০২৬ সালের ষষ্ঠ সভা। অর্থনৈতিক বিষয়সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির আহ্বায়ক এবং অর্থ ও পরিকল্পনা মন্ত্রণালয়ের মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরীর সভাপতিত্বে জুম অ্যাপের মাধ্যমে ভার্চুয়ালি এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় জানানো হয়, ইরান এবং মার্কিন যুক্তরাষ্ট্র-ইসরায়েল যুদ্ধের কারণে সৃষ্ট অস্থিতিশীল ভূরাজনৈতিক পরিস্থিতিতে দেশে জ্বালানি সরবরাহ নিশ্চিত করতে জরুরি ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

এ প্রেক্ষাপটে জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের দুটি পৃথক প্রস্তাব নীতিগতভাবে অনুমোদন দেওয়া হয়। 

অনুমোদিত প্রস্তাব অনুযায়ী, আন্তর্জাতিক ক্রয়ের ক্ষেত্রে সরাসরি ক্রয় পদ্ধতিতে এপি এনার্জি ইনভেস্টমেন্টস লিমিটেডের কাছ থেকে ১ লাখ মেট্রিক টন (৫৫ শতাংশ) ইএন৫৯০ (১০ পিপিএম) মানের ডিজেল আমদানি করা হবে। পাশাপাশি সুপারস্টার ইন্টারন্যাশনাল (গ্রুপ) লিমিটেডের কাছ থেকে ২ লাখ মেট্রিক টন ইএন৫৯০ ইউরো-৫ (১০ পিপিএম) মানের ডিজেল আমদানির অনুমোদন দেওয়া হয়েছে।

সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, বৈশ্বিক পরিস্থিতির প্রভাব মোকাবিলা করে দেশের জ্বালানি সরবরাহ স্বাভাবিক রাখতে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।