
জীবনের নতুন অধ্যায়ে পা রেখেছেন জনপ্রিয় অভিনেত্রী তমা মির্জা। মাস তিনেক ধরে একটি বেসরকারি ব্যাংকে চাকরি করছেন তিনি। অভিনয়ের পাশাপাশি তার এই চাকরির খবর প্রকাশ্যে আসতেই আলোচনায় জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত এই অভিনেত্রী। অনেকে তাকে অভিনন্দন জানালেও সামাজিকমাধ্যমে সমালোচনামূলক একটি পোস্ট দিয়েছেন জনপ্রিয় সঞ্চালক, অভিনেতা-নির্মাতা শাহরিয়ার নাজিম জয়। আর সেই মন্তব্য চোখে পড়তেই পাল্টা জবাব দিয়েছেন অভিনেত্রী।
গতকাল বুধবার সামাজিকমাধ্যমের সেই পোস্টে জয় বলেন, ‘বলা উচিত অভিনন্দন। কিন্তু বলতে গিয়ে থেমে গেলাম। তার মতো এত গুণী অভিনেত্রী এবং নায়িকা ব্যাংকসহ নানান প্রতিষ্ঠানের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হতে পারেন। কিন্তু ব্যাংকে চাকরি নিলেন তমা মির্জা- এমন সংবাদ আমার কাছে সঠিক মনে হয় না। আর যদি সংবাদটি সঠিক হয়, তাহলে আমি মর্মাহত।’
তিনি আরও বলেন, ‘তমা মির্জাকে যদি ব্যাংকে চাকরি নিতে হয়, তাহলে অন্য অনেক নায়িকাদের গার্মেন্টসে চাকরি নেওয়া উচিত। আর এতেই আমাদের মিডিয়ার ভবিষ্যৎ এবং চলমান দৈন্যদশা পরিষ্কার হয়। যারা নায়িকা হইতে চান, তারা সরাসরি নায়িকা না হয়ে আগে একটা চাকরি নেন, তারপর পার্ট টাইম নায়িকা হইয়েন; বিষয়টা এ রকম মেসেজই দেয় নতুন প্রজন্মকে।’
তবে জয়ের এই পোস্ট চোখ এড়ায়নি তমা মির্জার। ব্যাংকে চাকরি নেওয়ার খবরের সত্যতা নিশ্চিত করে অভিনেতার উদ্দেশে তিনি বলেন, ‘নিউজটা পুরোপুরি সত্য, আসেন এটা নিয়ে একটু আলোচনা করি, ফোনে কথা বলতে পারতাম, যেহেতু আমার ভাই পাবলিকলি বলল, আমিও এখানেই আলোচনা করি।’
জয়ের মন্তব্য অভিনয় ও ব্যাংকার- দুই পেশাকেই ছোট করেছেন বলে মন্তব্য তমার। কড়া ভাষায় তিনি বলেন, ‘এলএলবি কমপ্লিট করা একটা মেয়ে চাকরিজীবী পরিবার থেকে এসে ১৬ বছর যখন ফিল্ম ইন্ডাস্ট্রিতে আছে এবং সামনেও থাকবে। তখন কিন্তু এমন প্রশ্ন কেউ করেনি, আমার পরিবারও করেনি! কারণ সেটা আমার সিদ্ধান্ত, কেউ মিডিয়াতে কাজ করে বলে সে আর কোনো প্রফেশনে যেতে পারবে না, আর গেলে গার্মেন্টেসে কাজ করতে হবে বা আগে চাকরি নিয়ে পরে পার্ট-টাইম হিসেবে অভিনয় করতে হবে, এটা বললে তো আপনি দুই প্রফেশনকেই ছোট করলেন। এমনকি আপনারটাও।’
খানিকটা খোঁচা দিয়ে অভিনেত্রী বলেন, ‘অভিনয়ের বাইরে তাহলে আপনার মুভি রিভিউ, লাইভ কনটেন্ট ক্রিয়েট বা অন্য কিছু করা উচিত না, এভাবে আমিও বলতে পারি, কিন্তু বলব না। কারণ আমি আমার এবং সবার পেশাকেই সম্মান করি। কিন্তু আপনার মতো শিক্ষিত, মননশীল, প্রগতিশীল মানুষের মুখে এটা মানায় না। আমি এখন অভিনেত্রীর পাশাপাশি একজন ব্যাংকার। আর এটা নিয়ে আমি গর্বিত। এটা অর্জন করা কঠিন, তবে সমালোচনা করা খুবই সহজ। সুতরাং আমি নিজের কাজের পরিসর ও অভিজ্ঞতা আরও বৃদ্ধি করছি, সামনে আরও করব, যাতে আমার অবস্থান আরও পরিপক্ক হয়।’
সবশেষে নতুন সিনেমা আসছে বলেও জানালেন তমা। রসিকতার সুরে তিনি বলেন, ‘সামনে সিনেমা আসছে, জানায়েন বড়ভাই কেমন লাগলো, আপনার ভিডিও সবগুলো আমি দেখি, মজার আছেন আপনি।’
এদিকে, পাল্টা মন্তব্যে ব্যাংকার তমা মির্জাকে অভিনন্দন জানিয়েছেন জয়। তিনি বলেন, ‘অভিনন্দন তমা মির্জা। ব্র্যান্ড অ্যাম্বাসেডর হলে আরও খুশি হতাম। কিন্তু তোমার যুক্তি সঠিক। তোমার চয়েজও সঠিক। তুমি জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্তই শুধু না। নিজেকে এক অনন্য উচ্চতায় নিয়ে গেছো অভিনেত্রী হিসেবে। আমার চোখের সামনে, তোমার এই উত্থান আমার দেখা এবং এতে আমি গর্বিত।’
তমার ভূয়সী প্রশংসা করে জয় বলেন, ‘তুমি বুদ্ধিমতী মেয়ে, অবশ্যই তুমি যা করছো, বুঝে শুনে করছো। তবে অভিনেত্রী তমা মির্জা বা নায়িকা তমা মির্জা আমার কাছে এখনও এক নম্বর এবং সেটাই যেন থাকে। কারণ আমাদের নিউজগুলো এমনভাবে হাইলাইট করা হয় যেন, আমরা আমাদের আসল জায়গাকে ছেড়ে এসে অন্য জায়গায় যোগদান করেছি, বিষয়টি তা নয়। সেটা আমার স্ট্যাটাসে পরিষ্কার করা আছে।’
শেষে জয়ও খানিকটা রসিকতা করে বলেন, ‘ফেসবুকের এই যুদ্ধ মজার আছে কিন্তু তমা। চালায় যাও আমিও আছি।’
সম্পাদক:মো: আবু ফাত্তাহ
বেঙ্গল সেন্টার (৬ষ্ঠ তলা) ২৮ তোফখানা রোড ঢাকা-১০০০।
ফোন:০১৬১৮৫১১৫১৭ মেইল: sattyasamacher@gmail.com
Copyright © 2026 sattyasamacher.com. All rights reserved.