প্রেস রিলিজ:
১১ই নভেম্বর ২০২৪
জনগণকে মুখ্য রেখে কর্মকর্তাদের সার্বিক কার্যক্রম পরিচালনা করার আহ্বান জানান উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। তিনি বলেন, কাজের ধারাবাহিকতা বজায় রাখতে হবে,ধারাবাহিকতা বজায় রাখা এবং দক্ষতার সাথে কাজ করাই এখন বড় চ্যালেঞ্জ । সিনিয়রদের অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে জনকল্যাণমূলক কাজ করতে হবে যা ভবিষ্যতে উদাহরণ হিসেবে বিবেচিত হবে। এই মন্ত্রণালয়ের কাজে জনসম্পৃক্ততা বেশি,জনকল্যাণে সবচেয়ে বড় শক্তির উৎস জনগণ। জনকল্যাণে কাজের দৃষ্টান্ত স্থাপন করে যেতে চাই।
আজ সোমবার (১১ নভেম্বর) স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের দায়িত্বভার গ্রহন করেন আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। দায়িত্বভার গ্রহন শেষে মন্ত্রণালয়ের সভাকক্ষে কর্মকর্তাদের সাথে মতবিনিময় কালে উপদেষ্টা একথা বলেন।
স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের দায়িত্বভার গ্রহণকারী উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়াকে আন্তরিক অভিনন্দন জানিয়ে সদ্য বিদায়ী উপদেষ্টা এ এফ হাসান আরিফ বলেন, এটা কোন রুটিন সরকার নয়, বিপ্লবী সরকার। আমাদের মূল দাবি বৈষম্যহীন বাংলাদেশ গড়া। একাত্তরের মুক্তিযুদ্ধে সবাই অংশগ্রহণ করেছিল, তেমনি ২০২৪ সালের আন্দোলন শুধু ঢাকা কেন্দ্রিক ছিল না। এর ধাক্কা লেগেছে সমস্ত দেশে। এ সময় মন্ত্রণালয়ের সবার কাজের প্রশংসা করেন তিনি।
মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব মো: নজরুল ইসলাম। সভায় মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ এবং বিভিন্ন দপ্তরের দপ্তর প্রধানগণ উপস্থিত ছিলেন।

