সত্য সমাচার ডিজিটাল
আগস্ট ২৭, ২০২৬
নবায়নযোগ্য জ্বালানি সম্প্রসারণে নতুন উদ্যোগে বিএনপি সরকারের দায়িত্ব গ্রহণের প্রথম ছয় মাসেই (১৮০ দিন) নেট মিটারিং পদ্ধতির মাধ্যমে প্রায় ২০০ মেগাওয়াট সৌরবিদ্যুৎ নতুনভাবে জাতীয় গ্রিডে সংযোজিত হয়েছে। টেকসই উন্নয়ন ও বিদ্যুৎ খাতের সার্বিক অগ্রগতির অংশ হিসেবে বিদ্যুৎ ও জ্বালানি বিভাগ এ সফলতা অর্জন করে।
সম্প্রতি প্রকাশিত বিদ্যুৎ ও জ্বালানি বিভাগের ১৮০ দিনের কর্মপরিকল্পনা বাস্তবায়ন সংক্রান্ত প্রতিবেদন থেকে এসব তথ্য পাওয়া গেছে। প্রতিবেদনে উল্লেখ করা হয়, দায়িত্ব গ্রহণের পর বিদ্যুৎ বিভাগের নেওয়া কর্মপরিকল্পনার শতভাগ এবং জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের ৯০ দশমিক ৫৫ শতাংশ বাস্তবায়িত হয়েছে। যৌথভাবে দুই বিভাগের সার্বিক অগ্রগতি দাঁড়িয়েছে ৯৫ দশমিক ২৮ শতাংশ।
বিদ্যুৎ বিভাগ সূত্রে জানা যায়, গ্রিডের স্থিতিশীলতা রক্ষায় ঈশ্বরদী ও ভুলতা উপকেন্দ্রে ব্যাটারি এনার্জি স্টোরেজ সিস্টেম (বিইএসএস) স্থাপনের পাশাপাশি ‘জাতীয় নবায়নযোগ্য জ্বালানি উন্নয়ন কৌশলপত্র (২০২৬-২০৩০)’ প্রণয়ন করা হয়েছে। একই সাথে বর্জ্য থেকে বিদ্যুৎ উৎপাদন এবং অফশোর উইন্ড পাওয়ারের জন্য গাইডলাইন চূড়ান্ত করা হয়েছে।
অন্যদিকে, জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের অধীনে সাতটি নতুন কূপ খনন ও চারটি কূপের সংস্কার কাজ সম্পন্ন হয়েছে। এর ফলে জাতীয় গ্রিডে দৈনিক অতিরিক্ত ৩২ দশমিক ০২ মিলিয়ন ঘনফুট গ্যাস যুক্ত হচ্ছে। পাশাপাশি জ্বালানি খাতে উল্লেখযোগ্য অগ্রগতি হিসেবে গত ৫ মাসে প্রসংগত সিস্টেম লস কমিয়ে ৭ দশমিক ১৮ শতাংশে নামিয়ে আনা সম্ভব হয়েছে।
অবকাঠামোগত উন্নয়ন জোরদারে কক্সবাজারের মহেশখালীতে ভাসমান এলএনজি টার্মিনাল (এফএসআরইউ) নির্মাণের উদ্যোগ অনুমোদন পেয়েছে। এছাড়া ভোলার গ্যাস দ্রুত মূল গ্রিডে যুক্ত করতে বাস্তবায়নাধীন প্রকল্পের ৮০ শতাংশ কাজ ইতোমধ্যে শেষ হয়েছে বলে প্রতিবেদনে জানানো হয়।

