সকালের আমেজ কিংবা বিকেলের আড্ডায় এক কাপ গরম চা আমাদের ক্লান্তি দূর করতে অনন্য। তবে চা কেবল আমাদের মন চাঙ্গা করে না, নিয়মিত চা পানের অভ্যাস হৃদযন্ত্র বা হার্ট ভালো রাখতেও ইতিবাচক ভূমিকা পালন করে—এমনটাই উঠে এসেছে নতুন এক গবেষণায়।
ওই গবেষণায় দেখা গেছে, যারা প্রতিদিন অন্তত এক কাপ চা পান করেন, তাদের হৃদযন্ত্রের বিভিন্ন সমস্যার ঘটনা চা পান না করা মানুষের তুলনায় কম ছিল। তবে গবেষণাটি চা পান করলেই হৃদরোগ প্রতিরোধ হয়—এমন প্রমাণ দেয়নি। চা পানকারীদের অন্য কিছু স্বাস্থ্যকর অভ্যাসও এই ফলাফলের পেছনে ভূমিকা রাখতে পারে।
গবেষণায় যা পাওয়া গেছে
গবেষণাটিতে মধ্যবয়সী ও বয়স্ক ৬ হাজার ৫০৮ জন মানুষের তথ্য বিশ্লেষণ করা হয়। গবেষণা শুরুর সময় তাদের কারও হৃদ্রোগ ছিল না।
অংশগ্রহণকারীদের মধ্যে প্রায় ১৩ শতাংশ জানিয়েছিলেন, তারা প্রতিদিন অন্তত এক কাপ চা পান করেন। অন্যদিকে প্রায় ৫১ শতাংশ দিনে এক কাপ বা তার বেশি কফি পান করার কথা জানিয়েছিলেন। প্রায় ১১ বছর ধরে তাদের স্বাস্থ্যগত তথ্য পর্যবেক্ষণ করা হয়।
ধমনিতে চর্বির আস্তরণ কম গতিতে জমেছে
গবেষণায় দেখা যায়, যারা প্রতিদিন অন্তত এক কাপ চা পান করতেন, তাদের হৃদযন্ত্রের ধমনিতে চর্বি ও অন্যান্য উপাদান জমে আস্তরণ তৈরি হওয়ার গতি তুলনামূলক ধীর ছিল।
চা পান না করা ব্যক্তিদের সঙ্গে তুলনা করে গবেষকেরা দেখেছেন, নিয়মিত চা পানকারীদের হৃদরোগজনিত বিভিন্ন ঘটনার হারও কম ছিল।
হৃদরোগ, স্ট্রোক ও মৃত্যুঝুঁকি ২৯ শতাংশ কম
গবেষণায় প্রতিদিন অন্তত এক কাপ চা পানকারীদের মধ্যে হৃদযন্ত্রে রক্ত চলাচল বন্ধ হয়ে যাওয়া, মস্তিষ্কে রক্ত চলাচলে সমস্যা এবং হৃদরোগে মৃত্যুর ঘটনা ২৯ শতাংশ কম দেখা গেছে। তবে একই ধরনের উপকার কফি পানকারীদের মধ্যে দেখা যায়নি।
শুধু চাকেই কৃতিত্ব দেওয়া যাচ্ছে না
গবেষকেরা বয়স, শরীরের ওজন ও ধূমপানের অভ্যাসসহ ফলাফলকে প্রভাবিত করতে পারে এমন বেশ কিছু বিষয় বিবেচনায় নিয়েছেন। এরপরও গবেষণার ফলাফল থেকে নিশ্চিতভাবে বলা যায় না যে চা পান করাই হৃদ্রোগের ঝুঁকি কমিয়েছে। কারণ নিয়মিত চা পান করা মানুষের জীবনযাপন বা অন্যান্য স্বাস্থ্যকর অভ্যাসও এই ফলাফলের পেছনে ভূমিকা রাখতে পারে। তাই গবেষণাটি চা পান ও তুলনামূলক ভালো হৃদস্বাস্থ্যের মধ্যে একটি সম্পর্কের ইঙ্গিত দিলেও চা হৃদরোগ প্রতিরোধ করে—এমন সরাসরি প্রমাণ দেয় না। তবে নিয়মিত সুষম খাদ্যভ্যাস, শারীরিক পরিশ্রম এবং মানসিক চাপ নিয়ন্ত্রণের পাশাপাশি চিনি ছাড়া এক-দুই কাপ চা হৃদযন্ত্রকে সুস্থ রাখতে সহায়ক হতে পারে।

