ঢাকা৪ঠা মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ

চাঁদাবাজ-অস্ত্রধারীদের তালিকা করে শিগগিরই অভিযান: স্বরাষ্ট্রমন্ত্রী

admin
মার্চ ৪, ২০২৬ ৩:০৮ অপরাহ্ণ
Link Copied!

সত্য সমাচার ডিজিটাল: চাঁদাবাজ ও অস্ত্রধারী দাগি আসামিদের তালিকা করে শিগগিরই ঢাকাসহ সারাদেশে সাঁড়াশি অভিযান চালানো হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।

আজ বুধবার ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)-এর ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের তিনি এ কথা জানান।

সভায় রাজধানীর সাম্প্রতিক আইনশৃঙ্খলা পরিস্থিতি, চাঁদাবাজি, অবৈধ অস্ত্রের ব্যবহার এবং দাগি অপরাধীদের তৎপরতা নিয়ে বিস্তারিত আলোচনা হয় বলে জানা গেছে।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘ঢাকা থেকে শুরু হবে, তবে অভিযান শুধু রাজধানীকেন্দ্রিক থাকবে না- সারাদেশেই চাঁদাবাজ ও অস্ত্রধারী দাগি আসামিদের তালিকা করা হচ্ছে। কোনো ধরনের পক্ষপাত বা প্রভাবের তোয়াক্কা না করে নির্মোহভাবে তালিকা প্রণয়ন করা হবে। এরপর সমন্বিত পরিকল্পনার মাধ্যমে অভিযান চালিয়ে তাদের আইনের আওতায় নিয়ে আসা হবে।’

সাম্প্রতিক সময়ে বিভিন্ন এলাকায় চাঁদাবাজি, দখলদারিত্ব ও অবৈধ অস্ত্র প্রদর্শনের অভিযোগ পাওয়া গেছে জানিয়ে সালাহউদ্দিন আহমদ বলেন, ‘এসব অপরাধ নিয়ন্ত্রণে আইনশৃঙ্খলা বাহিনীকে কঠোর অবস্থানে থাকার নির্দেশ দেওয়া হয়েছে। অপরাধী যেই হোক, তার রাজনৈতিক বা সামাজিক পরিচয় বিবেচনায় নেওয়া হবে না- আইন সবার জন্য সমান।’

জনগণের সহযোগিতা কামনা করে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘আমরা প্রত্যাশা করি দেশের সব জনগণ আমাদের সহযোগিতা করবেন। আইনশৃঙ্খলা রক্ষায় জনসম্পৃক্ততা অত্যন্ত গুরুত্বপূর্ণ। কোথাও চাঁদাবাজি বা অস্ত্রের ভয়ভীতি প্রদর্শনের ঘটনা ঘটলে দ্রুত আইনশৃঙ্খলা বাহিনীকে জানাতে হবে।’

এ সময় জনগণকে আশ্বস্ত করে তিনি বলেন, ‘দেশের শান্তিশৃঙ্খলা ও সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিশ্চিত করতে সরকার বদ্ধপরিকর। আমরা খুব শিগগিরই পরিকল্পনা অনুযায়ী কার্যক্রম শুরু করতে পারব বলে আশা করছি।’

মতবিনিময় সভায় ডিএমপির ঊর্ধ্বতন কর্মকর্তারা রাজধানীর অপরাধপ্রবণ এলাকা চিহ্নিতকরণ, গোয়েন্দা নজরদারি জোরদার এবং ওয়ারেন্টভুক্ত ও পলাতক আসামিদের গ্রেপ্তারে বিশেষ টিম গঠনের প্রস্তাব তুলে ধরেন। স্বরাষ্ট্রমন্ত্রী এ বিষয়ে প্রয়োজনীয় নির্দেশনা দেন বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।