ঢাকা৬ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

চলতি মাসেই ইউপি নির্বাচনের তফসিল: ইসি আনোয়ারুল

admin
সেপ্টেম্বর ৬, ২০২৬ ৬:২২ অপরাহ্ণ
Link Copied!

সত্য সমাচার ডিজিটাল:

০৬ সেপ্টেম্বর ২০২৬

ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনের মধ্য দিয়ে স্থানীয় সরকার নির্বাচন শুরু করতে যাচ্ছে নির্বাচন কমিশন (ইসি)। চলতি সেপ্টেম্বর মাসের মধ্যেই ধাপভিত্তিক ইউপি নির্বাচনের তফসিল ঘোষণা করার প্রস্তুতি চলছে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার আনোয়ারুল ইসলাম সরকার। আজ রোববার দুপুরে নির্বাচন ভবনে এক ব্রিফিংয়ে সাংবাদিকদের এ তথ্য জানান তিনি।

আনোয়ারুল ইসলাম বলেন, ‘ইনশাআল্লাহ এই মাসের মধ্যেই অনেক কিছু দেখবেন এবং অনেক কিছুই আমরা সুনির্দিষ্টভাবে বলতে পারব। কর্মপরিকল্পনা প্রণয়নের কাজ খুব দ্রুত গতিতে চলছে, সেগুলো শেয়ার করব।’

স্থানীয় সরকার নির্বাচন নিয়ে প্রস্তুতির বিষয়ে তিনি বলেন, ‘স্থানীয় সরকার নির্বাচন বিষয়ে আমরা প্রস্তুতি নিচ্ছি। আরও কিছু প্রস্তুতি রয়েছে, আচরণবিধি অলরেডি আমরা চূড়ান্ত করেছি। জাতীয় সংসদ নির্বাচনে আমরা ইন্ট্রোডিউস করেছিলাম, অনেকগুলোই স্থানীয় সরকার নির্বাচনেও আমরা এনেছি এবং দুই একদিনের ভেতরে গ্যাজেট নোটিফিকেশন হবে।’

ভোটের সময় নির্ধারণে শিক্ষাপ্রতিষ্ঠানের পরীক্ষার বিষয়টি গুরুত্ব দিয়ে বিবেচনা করা হচ্ছে বলে জানান এই নির্বাচন কমিশনার। তিনি বলেন, নভেম্বর-ডিসেম্বর মাস শিক্ষার্থী ও শিক্ষকদের জন্য খুব গুরুত্বপূর্ণ ও ব্যস্ত সময়। এ সময়ে বার্ষিক পরীক্ষা, বৃত্তি পরীক্ষা, টেস্ট পরীক্ষা ও প্রি-টেস্ট পরীক্ষা অনুষ্ঠিত হয়।

আনোয়ারুল ইসলাম সরকার বলেন, ‘এই পরীক্ষাগুলো বিবেচনায় রাখতে হচ্ছে। ভোট কেন্দ্রগুলো হবে শিক্ষাপ্রতিষ্ঠানের মধ্যে এবং ভোট গ্রহণকারী কর্মকর্তা হিসেবে প্রিসাইডিং অফিসার, অ্যাসিস্টেন্ট প্রিসাইডিং অফিসার, পোলিং অফিসার হবে শিক্ষকরা। এই দুটি যাতে একই সময় না হয় সে বিষয়টি আমাদের গুরুত্বের সাথে বিবেচনা করতে হচ্ছে।’

নির্বাচনের দিনক্ষণ নির্ধারণে কয়েকটি বিষয় বিবেচনায় নেওয়া হচ্ছে জানিয়ে তিনি বলেন, ‘সেদিক থেকে আমরা আশা রাখি এই পরীক্ষার সময়গুলো বাদ দিয়ে আগে বা পরে আমরা নির্বাচনের তারিখ নির্ধারণ করব। যতটুক সম্ভব সেটাকে আমরা ওইভাবে শিডিউলে নিয়ে আসব। তবে সুনির্দিষ্টভাবে আমি দিনক্ষণ তারিখ এই মুহূর্তে বলতে পারব না, একটু সময় দিতে হবে। আমরা কাজ করছি। অচিরেই জানানো হবে।’

ইউনিয়ন পরিষদ নির্বাচন দিয়েই স্থানীয় সরকারের নির্বাচন শুরু হবে বলেও জানান নির্বাচন কমিশনার আনোয়ারুল ইসলাম।

স্থানীয় সরকার নির্বাচনে প্রযুক্তির ব্যবহার বাড়িয়ে নিরাপত্তা নিশ্চিত করার পরিকল্পনার কথাও জানিয়েছেন তিনি। এ বিষয়ে তিনি বলেন, ‘আমরা চিন্তা করছি যে সমস্ত ভোট কেন্দ্রগুলো সিসিটিভি ক্যামেরার আওতায় আসবে। বডি ওর্ন ক্যামেরা আরও আমরা বৃদ্ধি করব। ড্রোনের ব্যবহার করব যাতে তড়িৎ কোথায় কী হচ্ছে না হচ্ছে এই তথ্যগুলো আমরা নিয়ে আইনশৃঙ্খলা বাহিনীর মুভমেন্টকে ত্বরান্বিত করতে পারি।’

এ ছাড়া নির্বাচনের সময় ভুল তথ্য বা মিসইনফরমেশন মোকাবিলায়ও ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তিনি।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।