গভীর সমুদ্রে মাছ আহরণ কার্যক্রম জোরদার করতে এবং প্রাণিসম্পদ খাতকে আধুনিকায়নের জন্য মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের প্রতি আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। এ খাতে বিশাল সম্ভাবনা থাকলেও বাংলাদেশ এখনও তা পুরোপুরি কাজে লাগাতে পারেনি বলে মন্তব্য করেন তিনি।
আজ বুধবার সন্ধ্যায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে এক বৈঠকে তিনি এ আহ্বান জানান।
প্রধান উপদেষ্টা বলেন, ‘এ খাতের বিশাল সম্ভাবনার সদ্ব্যবহার এখনো করা হয়নি। এটি একটি অনন্য মন্ত্রণালয়—আমাদের সাগরও রয়েছে, খামারও রয়েছে। কিন্তু আমরা এখনো সমুদ্রের জগতে পা ফেলতে পারিনি।’
তিনি বলেন, ‘আমাদের জানতে হবে, আমাদের কী ধরনের মৎস্যসম্পদ রয়েছে, কী হারাচ্ছি, আর কেন পিছিয়ে আছি। এ খাত সঠিকভাবে পরিচালনা করতে পারলে আমাদের অর্থনীতিতে নতুন এক দিগন্ত উন্মোচিত হবে।’
বঙ্গোপসাগরের সম্ভাবনাময় গভীর সমুদ্রে মাছ ধরার অঞ্চল চিহ্নিত করতে সঠিক জরিপ পরিচালনায় গুরুত্ব দিয়ে প্রধান উপদেষ্টা বলেন, ‘প্রয়োজনে জাপান বা থাইল্যান্ডের মতো দেশ থেকে বিশেষজ্ঞ সহায়তা নেওয়া যেতে পারে। জাপান এরই মধ্যে আমাদের সহযোগিতায় আগ্রহ দেখিয়েছে। আমরা যৌথ উদ্যোগের সম্ভাবনাও বিবেচনা করছি। তবে আগে আমাদের নির্ভরযোগ্য তথ্য দরকার। এটি কেবল বেশি মাছ ধরার ব্যাপার নয়; এটি একটি শিল্প গড়ে তোলার ব্যাপার।’
প্রধান উপদেষ্টা আরও বলেন, ‘কক্সবাজারের বাংলাদেশ ওশানোগ্রাফিক রিসার্চ ইনস্টিটিউটকে গবেষণায় সক্রিয়ভাবে যুক্ত করতে হবে এবং আন্তর্জাতিক সম্মেলনের আয়োজন করতে হবে, যাতে বিশ্বমানের বিশেষজ্ঞদের চিন্তা-ভাবনা ও অভিজ্ঞতা কাজে লাগানো যায়। এই কাজগুলোর অবশ্যই নীতিনির্ধারণে প্রতিফলন থাকতে হবে। শুধু গবেষণার জন্য গবেষণা নয়। আমাদের বিশ্ববিদ্যালয়ের পাঠ্যক্রমেও গভীর সমুদ্র মাছ ধরার বিষয়টি অন্তর্ভুক্ত করতে হবে; এভাবেই আমরা ভবিষ্যতের জন্য প্রস্তুতি নেব।’

