আরাম ও সহজ ব্যবহারের কারণে ক্রকস এখন শিশু থেকে শুরু করে বড়দের মধ্যেও বেশ জনপ্রিয়। বাড়িতে, বাইরে কিংবা বিভিন্ন দৈনন্দিন কাজে অনেকেই এই ধরনের জুতো ব্যবহার করেন। কিন্তু দীর্ঘ সময় ধরে ক্রকস পরে থাকার বিষয়ে সতর্ক করছেন বিশেষজ্ঞরা। তাঁদের মতে, নিয়মিত ও দীর্ঘক্ষণ এই জুতো ব্যবহারের অভ্যাস পায়ের ওপর নেতিবাচক প্রভাব ফেলতে পারে।
শিকাগোর পদরোগ বিশেষজ্ঞ ডা. মেগান লিহির মতে, দিনের বেশির ভাগ সময় ক্রকস পরে থাকা পায়ের জন্য আদর্শ নয়। কারণ, এই জুতোর পেছনের দিকে গোড়ালিকে শক্তভাবে ধরে রাখার মতো পর্যাপ্ত কাঠামো থাকে না। ফলে হাঁটার সময় জুতোর ভেতরে পা স্থির রাখতে পায়ের আঙুলের ওপর অতিরিক্ত চাপ পড়ে।
দীর্ঘদিন এমনভাবে হাঁটলে পায়ের পেশি ও স্নায়ুতে বাড়তি চাপ তৈরি হতে পারে। এর ফলে টেন্ডোনাইটিস বা পেশি ও টেন্ডনে প্রদাহের মতো সমস্যা দেখা দিতে পারে। পাশাপাশি পায়ের আঙুলের স্বাভাবিক অবস্থানেও পরিবর্তন আসতে পারে এবং কড়া পড়ার মতো সমস্যাও তৈরি হতে পারে।
ক্রকসের নরম সোল আরামদায়ক হলেও দীর্ঘ সময় ব্যবহারের ক্ষেত্রে এটি পর্যাপ্ত আর্চ সাপোর্ট দিতে পারে না। ফলে অনেকক্ষণ হাঁটা বা দাঁড়িয়ে থাকার পর গোড়ালিতে ব্যথা হওয়ার ঝুঁকি বাড়তে পারে। বিশেষ করে যাদের আগে থেকেই পায়ের সমস্যা রয়েছে, তাদের দীর্ঘ সময় এ ধরনের জুতো ব্যবহার না করার পরামর্শ দেওয়া হচ্ছে।
শিশুদের ক্ষেত্রে বিষয়টি আরও গুরুত্বের সঙ্গে দেখা দরকার। দৌড়ানো, খেলাধুলা কিংবা দ্রুত চলাফেরার সময় ক্রকস পা থেকে সহজে সরে যেতে পারে। এতে শিশুর ভারসাম্য নষ্ট হয়ে হোঁচট খাওয়া বা পড়ে গিয়ে আঘাত পাওয়ার আশঙ্কা থাকে।
ছাড়া এসক্যালেটরে ক্রকস পরার বিষয়েও সতর্ক থাকতে হবে। জুতোর নরম অংশ চলন্ত সিঁড়ির ফাঁক বা কিনারায় আটকে যাওয়ার ঝুঁকি রয়েছে। বিভিন্ন দেশে এ ধরনের দুর্ঘটনার ঘটনাও সামনে এসেছে। তাই বিশেষ করে শিশুদের এসক্যালেটরে ওঠার সময় ক্রকস পরানো এড়িয়ে চলাই নিরাপদ। তবে এর অর্থ এই নয় যে ক্রকস একেবারেই ব্যবহার করা যাবে না। অল্প সময়ের জন্য সৈকত, বাগান কিংবা সুইমিং পুলের মতো জায়গায় এটি ব্যবহার করা যেতে পারে। সমস্যা মূলত দীর্ঘ সময় ধরে হাঁটা, দৌড়ানো বা সারাদিন এই জুতো পরে থাকার ক্ষেত্রে।
বিশেষজ্ঞদের পরামর্শ, প্রতিদিনের ব্যবহারের জন্য এমন জুতো বেছে নেওয়া উচিত, যা পায়ের মাপ অনুযায়ী সঠিকভাবে ফিট হয় এবং গোড়ালি ও পায়ের পাতাকে পর্যাপ্ত সাপোর্ট দেয়। দীর্ঘক্ষণ হাঁটা বা নিয়মিত ব্যবহারের ক্ষেত্রে ভালো মানের স্নিকার্স কিংবা স্পোর্টস শু তুলনামূলকভাবে বেশি উপযোগী হতে পারে।

