বিশেষ প্রতিনিধি
ব্যাপক অনিয়ম, দুর্নীতি, নিয়োগ বাণিজ্য, স্বজনপ্রীতি এবং বিগত ফ্যাসিস্ট আওয়ামী সরকারের শীর্ষ মহলের সাথে ঘনিষ্ঠ সংশ্লিষ্টতার গুরুতর অভিযোগ সত্ত্বেও অতিরিক্ত সচিব পদে পদোন্নতির দৌড়ে অনেক এগিয়ে আছেন মন্ত্রিপরিষদ বিভাগের (ক্যাবিনেট ডিভিশন) যুগ্মসচিব (পরিকল্পনা ও বাজেট ) মুহাম্মদ মনিরুল ইসলাম (পরিচিতি নং ১৫১২২)।
বিসিএস (প্রশাসন) ২১তম ব্যাচের এই কর্মকর্তার বিরুদ্ধে সম্প্রতি মন্ত্রিপরিষদ সচিব বরাবর একটি অভিযোগ দাখিল করেছেন ঢাকার মোহাম্মদপুরের মো. আব্দুল আউয়াল নামক এক ব্যক্তি।
সরকারি নথিপত্র ও অভিযোগ সূত্রে জানা গেছে, প্রসাসন ক্যাডারে যোগদানের পর থেকেই মনিরুল ইসলাম সব সরকারের আমলে বিভিন্ন গুরুত্বপূর্ণ ও আর্থিকভাবে লাভজনক পদে দায়িত্ব পালন করেছেন।
কর্মজীবনের শুরুতে তিনি কক্সবাজার জেলা প্রশাসকের কার্যালয়ে থাকাকালীন সময়ে আরডিসি ও এলএও হিসেবে কাজ করেন, সেখান থেকে তাঁর দুর্নীতির হাতেখড়ি শুরু হয়।
পরবর্তীতে ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ, নোয়াখালীর চাটখিল ও কোম্পানীগঞ্জে সহকারী কমিশনার (ভূমি) হিসেবে প্রতিটা কর্মস্থলে ব্যাপক অর্থ ও দুর্নাম কামিয়েছেন এই কর্মকর্তা।এরপর, জনশক্তি, কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরোর (বিএমইটি) এর উপ-পরিচালক হিসেবে পোস্টিং নিয়ে সিন্ডিকেট তৈরি করে দুর্নীতির মাধ্যমে প্রচুর অর্থ উপার্জন করেন।
সিলেটের অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) হিসাবেও তাঁর বিরুদ্ধে বিস্তর দুর্নীতির অভিযোগ উঠে । অতপর: ফ্যাসিস্ট আমলে জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রভাবশালী উপসচিব (শৃঙ্খলা)হিসেবে পদায়ন লাভ করে নিজের বিরুদ্ধে উত্থাপিত পূর্বের সকল অভিযোগ নিজহাতে পরিষ্কার করেন এই বিচক্ষণ কর্মকর্তা!
লিখিত অভিযোগে বলা হয়, প্রায় চার বছরের মতো সময় দুর্নীতি দমন কমিশনের (দুদক) পরিচালক (তদন্ত) হিসেবে প্রেষণে দায়িত্ব পালনকালে মনিরুল ইসলাম ফ্যাসিস্ট সরকারের সাবেক রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পু ও দুদক কমিশনার মোজাম্মেল চক্রের শক্তিশালী সিন্ডিকেট সদস্য হিসেবে প্রভাবশালীর ভূমিকায় অবতীর্ণ হন।
এসময় দুদকে তদন্ত প্রতিবেদন প্রভাবিত করা, বড় মামলাগুলোর তদন্ত কর্মকর্তা নিয়োগ, ফাইল আটকে রেখে অর্থ আদায় এবং বিভিন্ন মামলায় ‘ক্লিনচিট’ বা ছাড়পত্র দেওয়ার বিনিময়ে তিনি বিপুল অঙ্কের অর্থ হাতিয়ে নেন। তাঁর অধীনে নিষ্পত্তি হওয়া মামলাগুলো পুনরায় তদন্ত করলে প্রকৃত তথ্য বেরিয়ে আসবে বলে আবেদনে উল্লেখ করা হয়। সেখানে তার বিরুদ্ধে অভিযোগ গুরুতর হতে থাকলে পরে তিনি মাদকের নিয়োগ বাণিজ্য ও মাদক পাচার সিন্ডিকেটের এজেন্ডা নিয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিচালক (প্রশাসন) এবং পরবর্তীতে একই অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক হিসেবে দায়িত্ব পালন করেন।
অভিযোগ অনুযায়ী, সেখানে মনিরুল ৩১০ জন জনবল নিয়োগ ও মাদক পাচার চক্রের জন্য তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের সাথে যোগসাজশে পদভেদে জনপ্রতি ২০ থেকে ৫০ লাখ টাকা পর্যন্ত ঘুষ গ্রহণ করেন এবং মাদক চোরাচালানের মাধ্যমে প্রায় শত কোটি টাকা আত্মসাৎ করেন। নিয়োগ বাণিজ্য ও মাদক চোরা-কারবারির এই ভাগ-বাটোয়ারার অবৈধ অর্থ স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বরখাস্তকৃত উপসচিব ও তাঁর একান্ত ঘনিষ্ট ব্যাচমেট ধনঞ্জয় কুমার দাস সহ নিজেই নিয়মিত তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান কামালের কাছে পৌঁছে দেওয়া হতো।
এ বিষয়ে দুদকসহ বিভিন্ন দপ্তরে অভিযোগ জমা পড়লে তৎকালীন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন চুপ্পুর ঘনিষ্ঠ এই কর্মকর্তা ২০২৪ সালের জুন মাসে তদকালীন রাষ্ট্রপতি চুপ্পুর কার্যালয় অর্থাৎ বঙ্গভবনের আপন বিভাগে বদলি হয়ে ক্ষমতার চূড়ায় বসে যান।
আবেদনে আরও দাবি করা হয়, ছাত্রজীবনে খিলগাঁও এলাকায় ছাত্রলীগের রাজনীতির সাথে যুক্ত থাকা এই কর্মকর্তা গত ২৪-এর ৫ আগস্টের রাজনৈতিক পটপরিবর্তনের পর কৌশলে ভোল পাল্টে নিজেকে বিএনপি ও জামায়াতপন্থী হিসেবে জাহির করার চেষ্টা শুরু করেন। একপর্যায়ে, চুপ্পুর অবস্থা বেগতিক দেখে মোটা অঙ্কের অর্থের বিনিময়ে একক আদেশে তিনি রাষ্ট্রপতির কার্যালয় থেকে মন্ত্রিপরিষদ বিভাগের মতো গুরুত্বপূর্ণ জায়গায় বদলি হয়ে নিজেকে সবকিছুর নিরাপদ জোনে নিয়ে আসেন এই চতুর কর্মকর্তা মনিরুল !!
শুরুতে মন্ত্রিপরিষদ বিভাগের দুদক ডেস্কের দায়িত্ব পেয়ে তিনি দুদকের কতিপয় দুর্নীতিবাজ এডি ও ডিডি-দের কাজে লাগিয়ে ফ্যাসিস্ট আমলের নির্বাচনী ডিসি (ওএসডি) এবং দুর্নীতির অভিযোগে অভিযুক্ত কর্মকর্তাদের সাথে গোপন বৈঠক ও অর্থ লেনদেন করেন বলে অভিযোগ উঠেছে।
এভাবে প্রশাসনের ভেতরে থেকে তিনি বর্তমান গণতান্ত্রিক সরকারের বিরুদ্ধে কাজ করছেন। পরবর্তীতে একাধিক অভিযোগ ও কর্মদক্ষতার ঘাটতির কারণে ঊর্ধ্বতন কর্তৃপক্ষ অসন্তুষ্ট হয়ে তাঁকে গুরুত্বপূর্ণ ডেস্ক থেকে সরিয়ে পরিকল্পনা ও বাজেট অধিশাখায় বদলি করে।
সংশ্লিষ্ট মহলে আলোচনা রয়েছে, পাহাড়সম দুর্নীতি ও ফ্যাসিস্ট সরকারের দোসর হওয়ার সুনির্দিষ্ট অভিযোগ থাকার পরও প্রশাসনের একটি প্রভাবশালী চক্রের ছত্রছায়ায় মনিরুল ইসলাম অতিরিক্ত সচিব পদে পদোন্নতির দৌড়ে অনেক এগিয়ে আছেন। তিনি নিজেই বলে বেড়াচ্ছেন যে, তাঁর পদোন্নতি প্রায় নিশ্চিত শুধু সময়ের অপেক্ষা মাত্র!! কারণ, কেবিনেট ডিভিশনে পোস্টিং মানেই হলো পদোন্নতির নিশ্চয়তা!!
এ অবস্থায় প্রশাসনের গুরুত্বপূর্ণ পদে থাকা এই কর্মকর্তার বিরুদ্ধে আনীত নিয়োগ বাণিজ্য, অবৈধ সম্পদ অর্জন এবং প্রশাসনিক সিদ্ধান্ত প্রভাবিত করার অভিযোগগুলো নিরপেক্ষভাবে তদন্ত করে দৃষ্টান্তমূলক ব্যবস্থা গ্রহণের জন্য মন্ত্রিপরিষদ সচিবের হস্তক্ষেপ কামনা করেছেন আবেদনকারী মো. আব্দুল আউয়াল।
অনেকের ধারণা মন্ত্রিপরিষদ বিভাগে থেকে তার পদোন্নতি নিশ্চিত করতে চাচ্ছেন এই দুর্নীতিবাজ ও ফ্যাসিস্ট সরকারের মন্ত্রীদের ঘনিষ্ঠ যুগ্মসচিব মনিরুল। তিনি মনে করেন মন্ত্রিপরিষদ বিভাগে থাকলে তার পদোন্নতি নিশ্চিত । এজন্য কোন কিছুই কেয়ার করছেন না এই মনিরুল । সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান কামাল, খাদ্যমন্ত্রী আব্দুর রাজ্জাক, ধর্মমন্ত্রী ফরিদউদ্দিন ও আইসিটি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলকের সাথে তার ঘনিষ্ঠ ছবি ইতিমধ্যে ভাইরাল হয়েছে। সচেতন মহল ও প্রশাসনের কর্মকর্তাদের মধ্যে এটা নিয়ে কানাঘুষা চলছে।
এ বিষয়ে বক্তব্য জানতে চেয়ে যুগ্মসচিব মুহাম্মদ মনিরুল ইসলামের সাথে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন ধরেননি এবং হোয়াটসঅ্যাপে পাঠানো বার্তারও কোনো জবাব দেননি।
সম্পাদক:মো: আবু ফাত্তাহ
বেঙ্গল সেন্টার (৬ষ্ঠ তলা) ২৮ তোফখানা রোড ঢাকা-১০০০।
ফোন:০১৬১৮৫১১৫১৭ মেইল: sattyasamacher@gmail.com
Copyright © 2026 sattyasamacher.com. All rights reserved.