
বিশ্বকাপের শেষ ষোলোর নাটকীয় লড়াইয়ে মিসরের বিপক্ষে দুর্দান্ত প্রত্যাবর্তন করে কোয়ার্টার ফাইনালে উঠেছে বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনা। অন্যদিকে টাইব্রেকারে কলম্বিয়াকে হারিয়ে শেষ আট নিশ্চিত করেছে সুইজারল্যান্ড। এবার দুই দলের মুখোমুখি লড়াইয়ে সেমিফাইনালের টিকিট নিশ্চিত করবে যে দল, তারা পরবর্তী পর্বে ইংল্যান্ড ও নরওয়ের মধ্যকার ম্যাচের বিজয়ীর মুখোমুখি হবে।
মিসরের বিপক্ষে একসময় ২-০ গোলে পিছিয়ে পড়েছিল আর্জেন্টিনা। ৬৯তম মিনিটে মোস্তাফা জিকোর গোলে ব্যবধান দ্বিগুণ হয়। তবে এরপরই ঘুরে দাঁড়ায় বর্তমান বিশ্বচ্যাম্পিয়নরা।
৭৯তম মিনিটে ক্রিস্তিয়ান রোমেরো একটি গোল শোধ করেন। মাত্র চার মিনিট পর সমতাসূচক গোল করেন অধিনায়ক লিওনেল মেসি। এরপর যোগ করা সময়ের তৃতীয় মিনিটে লাউতারো মার্তিনেসের দারুণ ক্রস থেকে হেডে জয়সূচক গোল করেন এনসো ফার্নান্দেস। তাতেই ৩-২ ব্যবধানে জয় নিশ্চিত করে আর্জেন্টিনা।
এ নিয়ে টানা দুই ম্যাচে কঠিন পরীক্ষার মুখে পড়েও জয় তুলে নিল আর্জেন্টিনা। এর আগে বত্রিশ দলের পর্বে কেপ ভার্দেও তাদের কঠিন চ্যালেঞ্জের মুখে ফেলেছিল। তবে অতিরিক্ত সময়ে জয় তুলে নিয়ে সেই বাধাও পেরিয়েছিল আর্জেন্টিনা।
অন্যদিকে সুইজারল্যান্ডের শেষ ষোলোর লড়াই ছিল সম্পূর্ণ ভিন্ন ধরনের। নির্ধারিত সময় ও অতিরিক্ত সময়ে কোনো দলই গোল করতে না পারায় ম্যাচ গড়ায় টাইব্রেকারে। সেখানে ৪-৩ ব্যবধানে কলম্বিয়াকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে ওঠে সুইসরা।
বিশ্বকাপে সুইজারল্যান্ডের শুরুটা খুব একটা ভালো ছিল না। উদ্বোধনী ম্যাচে কাতারের সঙ্গে ১-১ গোলে ড্র করে তারা। তবে এরপর প্রতিটি ম্যাচেই নিজেদের উন্নতি করেছে দলটি। বসনিয়াকে ৪-১ এবং কানাডাকে ২-১ গোলে হারিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হিসেবে নকআউট পর্বে ওঠে তারা।
বত্রিশ দলের পর্বে আলজেরিয়াকে ২-০ গোলে হারিয়ে সহজ জয় পায় সুইজারল্যান্ড। এরপর শেষ ষোলোর কঠিন পরীক্ষায় কলম্বিয়াকে টাইব্রেকারে হারিয়ে নিজেদের সামর্থ্যের প্রমাণ দেয়। নকআউট পর্বে টানা দুই ম্যাচে কোনো গোল না খাওয়ায় রক্ষণভাগও দারুণ আত্মবিশ্বাসে রয়েছে সুইসদের।
তবে এবার তাদের সামনে অপেক্ষা করছে আরও কঠিন পরীক্ষা। কারণ প্রতিপক্ষ বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা, যারা লিওনেল মেসির নেতৃত্বে শিরোপা ধরে রাখার লড়াই চালিয়ে যাচ্ছে।
সম্পাদক:মো: আবু ফাত্তাহ
বেঙ্গল সেন্টার (৬ষ্ঠ তলা) ২৮ তোফখানা রোড ঢাকা-১০০০।
ফোন:০১৬১৮৫১১৫১৭ মেইল: sattyasamacher@gmail.com
Copyright © 2026 sattyasamacher.com. All rights reserved.