প্রিন্ট এর তারিখঃ এপ্রিল ২৫, ২০২৬, ১:১৬ পি.এম || প্রকাশের তারিখঃ এপ্রিল ২৩, ২০২৫, ৪:২১ অপরাহ্ণ
কাশ্মীরে পর্যটকদের ওপর সন্ত্রাসী হামলার নিন্দা বাংলাদেশের

সত্য সমাচার ডিজিটাল
২৩ এপ্রিল ২০২৫
ভারত-নিয়ন্ত্রিত জম্মু-কাশ্মীরে সন্ত্রাসী হামলার ঘটনায় নিরপরাধ মানুষের মর্মান্তিক মৃত্যুতে জোরালভাবে নিন্দা জানায় বাংলাদেশ।
বুধবার (২৩ এপ্রিল) পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়েছে।
এতে বলা হয়, হামলায় নিহত ব্যক্তিদের পরিবারের প্রতি গভীর সমবেদনা জানানোর পাশাপাশি এ নিষ্ঠুর সহিংসতার ঘটনায় ভুক্তভোগী সবার প্রতি আন্তরিক সহানুভূতিও প্রকাশ করে বাংলাদেশ।
বাংলাদেশ সন্ত্রাসবাদের বিরুদ্ধে বৈশ্বিক লড়াইয়ে তার দ্ব্যর্থহীন প্রতিশ্রুতিও পুনর্ব্যক্ত করেছে।
উল্লেখ্য, মঙ্গলবার (২২ এপ্রিল) বিকেলে ভারত-নিয়ন্ত্রিত কাশ্মীরের পহেলগামের বৈসারনে পর্যটকদের লক্ষ্য করে গুলি চালায় বন্দুকধারীরা। এ হামলায় অন্তত ২৬ জন নিহত হন। নিহতদের মধ্যে দুজন বিদেশি পর্যটক রয়েছেন-একজন সংযুক্ত আরব আমিরাত এবং অন্যজন নেপালের নাগরিক।
হামলার পরপরই ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি সৌদি আরব সফর সংক্ষিপ্ত করে রাতেই দেশে ফিরেছেন।
পরিস্থিতি নিয়ন্ত্রণে কাশ্মীরের শ্রীনগরে পৌঁছান ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। তিনি সেখানে স্থানীয় প্রশাসন ও নিরাপত্তা বাহিনীর শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেন।
সম্পাদক:মো: আবু ফাত্তাহ
বেঙ্গল সেন্টার (৬ষ্ঠ তলা) ২৮ তোফখানা রোড ঢাকা-১০০০।
ফোন:০১৬১৮৫১১৫১৭ মেইল: sattyasamacher@gmail.com
Copyright © 2026 sattyasamacher.com. All rights reserved.