অনলাইন ডেস্ক
১৮ মে ২০২৬
সদ্য প্রয়াত জুলাইযোদ্ধা কারিনা কায়সারের জানাজায় অংশ নিতে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম কেন্দ্রীয় শহীদ মিনারে যাবেন। আজ রোববার রাত ১০টায় কেন্দ্রীয় শহীদ মিনারে জানাজা হওয়ার কথা রয়েছে।
এসময় নাহিদ ইসলামের সঙ্গে এনসিপির মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারীসহ শীর্ষ নেতাদের অনেকেই জানাজায় অংশ নেবেন। এনসিপির কেন্দ্রীয় নির্বাচন পরিচালনা কমিটির মিডিয়া সেক্রেটারি ইয়াসির আরাফাত এসব তথ্য জানান।
এনসিপির মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী তার ভেরিফায়েড ফেসবুক একাউন্টে এক পোস্টে বলেন, আমাদের জুলাইয়ের সহযোদ্ধা কারিনা কায়সার চিরতরে বিদায় নিয়েছেন। আজ (রোববার) তার জানাজা এবং সোমবার মরদহ দাফন হবে। প্রথম জানাজা বাদ মাগরিব (বনানী ডিওএইচএস মাঠে), দ্বিতীয় জানাজা বাদ এশা (বনানী দরবার শরীফ), তৃতীয় জানাজা রাত ১০টায় (কেন্দ্রীয় শহীদ মিনার)। সবাইকে যার যার সুবিধা অনুযায়ী জানাজায় অংশগ্রহণের জন্য অনুরোধ জানাচ্ছি। বিশেষত রাত ১০টায় কেন্দ্রীয় শহীদ মিনারে সবাইকে অংশগ্রহণ করার জন্য অনুরোধ জানাচ্ছি। আমরা সবাই উপস্থিত থাকবো। জুলাইয়ের সব সহযোদ্ধা, ফ্যাসিবাদবিরোধী সব রাজনৈতিক শক্তি ঐক্যবদ্ধভাবে আমাদের সহযোদ্ধা কারিনা কায়সারকে শেকারিনা কায়সারকে শেষ বিদায় জানাব।
উল্লেখ্য, লিভার জটিলতায় ভারতে চিকিৎসাধীন অবস্থায় মারা যাওয়া কনটেন্ট ক্রিয়েটর ও অভিনেত্রী কারিনা কায়সারের মরদেহ আজ দেশে আনা হয়েছে। বনানী ও কেন্দ্রীয় শহীদ মিনারে জানাজা শেষে আগামীকাল সোমবার মুন্সিগঞ্জে তাকে দাফন করা হবে।

