ঢাকা২৫শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ

এনবিআর কর্মকর্তারা নির্বাচন পর্যন্ত বিদেশে যেতে পারবেন না

admin
নভেম্বর ২৭, ২০২৫ ৯:৫৭ পূর্বাহ্ণ
Link Copied!

সত্য সমাচার ডেক্স

২৭ নভেম্বর ২০২৫

জাতীয় রাজস্ব বোর্ডসহ (এনবিআর) অভ্যন্তরীণ সম্পদ বিভাগের (আইআরডি) কর্মকর্তা ও কর্মচারীদের বিদেশে ভ্রমণে শর্ত কড়াকড়ি করা হয়েছে। অপরিহার্য কারণ ছাড়া কোনো কর্মকর্তা-কর্মচারীকে আগামী নির্বাচনের আগ পর্যন্ত বিদেশ সফর পরিহার করার নির্দেশনা দেওয়া হয়েছে। প্রধান উপদেষ্টার কার্যালয় থেকে পাঠানো পরিপত্রের ভিত্তিতে এ নির্দেশনা দেওয়া হয়।

সম্প্রতি বিদেশ সফর নিয়ে নতুন শর্ত আরোপের নির্দেশনা দিয়ে অভ্যন্তরীণ সম্পদ বিভাগের সচিবের কাছে চিঠি পাঠানো হয়। এর পরিপ্রেক্ষিতে বিদেশ সফরের নির্দেশনা পরিপালনের জন্য ওই চিঠি এনবিআরের ওয়েবসাইটে প্রকাশ করা হয়।

অর্থাৎ আগামী জাতীয় নির্বাচন পর্যন্ত এনবিআরের কর্মকর্তারা অপরিহার্য কারণ ছাড়া বিদেশে যেতে পারবেন না। অপরিহার্য কারণ বলতে যেসব কারণ বোঝানো হয়, তার মধ্যে মূল কারণগুলো হলো চিকিৎসা, তীর্থযাত্রা, জরুরি দাপ্তরিক প্রয়োজন ইত্যাদি।

ব্যাংকারদের ক্ষেত্রেও বিদেশ যাত্রায় কড়াকড়ি : এদিকে ব্যাংক কর্মকর্তাদের ক্ষেত্রেও বিদেশ ভ্রমণ নিয়ে কড়াকড়ি আরোপ করেছে বাংলাদেশ ব্যাংক। আগামী জাতীয় নির্বাচন না হওয়া পর্যন্ত দেশের ব্যাংক কর্মকর্তা ও কর্মচারীরা বিদেশ ভ্রমণে যেতে পারবেন না। গতকাল বাংলাদেশ ব্যাংকের ব্যাংকিং প্রবিধি ও নীতি বিভাগ (বিআরপিডি) থেকে এ সংক্রান্ত সার্কুলার জারি করা হয়। কেন্দ্রীয় ব্যাংক জানিয়েছে, নির্বাচনকালীন ব্যাংকিং খাতে কোনো শূন্যতা বা প্রশাসনিক বিঘ্ন তৈরি না হয়, তা নিশ্চিত করতেই এ সতর্কতামূলক ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

সার্কুলারে বলা হয়, নির্বাচনের সময়কে বিবেচনায় রেখে ব্যাংকিং কার্যক্রমকে স্থিতিশীল ও নির্বিঘ্ন রাখতে এই সীমিত ভ্রমণনীতি কার্যকর করা হলো। নির্দেশনায় ব্যাংক-কম্পানির ব্যবস্থাপনা পরিচালক, প্রধান নির্বাহী কর্মকর্তা এবং অন্যান্য কর্মকর্তা-কর্মচারীদের অতি জরুরি প্রয়োজন ছাড়া দেশের বাইরে ভ্রমণ পরিহারের কথা স্পষ্টভাবে উল্লেখ করা হয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।