অনলাইন ডেস্ক
এটা মৃত্যু নয়, হত্যা। এটা মেট্রোরেল কর্তৃপক্ষের অবহেলা। টাকা বা চাকরি দিয়ে ক্ষতিপূরণ হবে না। এই ঘটনায় সুষ্ঠু তদন্তের মাধ্যমে অবহেলায় জড়িতদের শাস্তি নিশ্চিত করতে হবে।
রাজধানীর ফার্মগেট এলাকায় মেট্রোরেলের বিয়ারিং প্যাড পড়ে নিহত আবুল কালাম আজাদের স্ত্রী আইরিন আক্তার সাংবাদিকদের এ কথাগুলো বলছিলেন। তিনি আরো বলেন, তার ছেলেটার বয়স ৪ বছর, মেয়ের ৩। বাচ্চা দুটি তাদের বাবাকে হারালো। সেটার ক্ষতিপূরণ কীভাবে হবে?
নিহত আবুল কালাম আজাদের শ্যালক সোহাগ আহমেদ বলেন, আবুল কালামের বাসা নারায়ণগঞ্জের চাষাড়া এলাকায়।
সেখানে তিনি স্ত্রী, এক ছেলে ও এক মেয়েকে নিয়ে থাকতেন।
আবুল কালাম একসময় মালয়েশিয়ায় ছিলেন। ছয় বছর আগে বিয়ে করে আর মালয়েশিয়া যাননি।
মেট্রোরেলের বিয়ারিং প্যাড পড়ে নিহত ব্যক্তির পরিবারকে প্রাথমিকভাবে ৫ লাখ টাকা ক্ষতিপূরণ দেওয়া হবে বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতু এবং রেলপথ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফাওজুল কবির খান।

