
ছোটপর্দার পরিচিত মুখ সাদিয়া জাহান প্রভা। ব্যক্তিগত অনুভূতি কিংবা ক্যারিয়ারের নানা অভিজ্ঞতা খোলামেলাভাবেই নিজের কথা প্রকাশ করতে দেখা যায় এই অভিনেত্রীকে। সম্প্রতি এক সাক্ষাৎকারে নিজের পছন্দের বিষয় নিয়ে কথা বলতে গিয়ে জানিয়েছেন, একটা সময় তার পছন্দ ছিল তুলনামূলকভাবে অসচ্ছল পরিবারের ছেলেরা।
প্রভা বলেন, একসময় অভাব-অনটনের গল্প শুনলেই তার ভালো লাগত। যারা ছোটবেলা থেকে নানা সংকটের মধ্য দিয়ে বড় হয়েছে, তাদের প্রতি তার এক ধরনের আলাদা আকর্ষণ কাজ করত। তবে এসব নিয়ে কেউ মিথ্যা বললে বিষয়টি তার কাছে আরও বিরক্তিকর মনে হতো।
নিজের শৈশব ও বেড়ে ওঠার প্রসঙ্গও উঠে আসে অভিনেত্রীর কথায়। তিনি জানান, ছোটবেলায় স্বভাবগতভাবেই বেশ লাজুক ছিলেন। অনেক সময় ঠিকভাবে কথাও বলতে পারতেন না। কথা বলার সময় আমতা-আমতা করতেন, ফলে তার কথার পুরোটা অন্যরা বুঝতেও পারতেন না।
প্রভা আরও জানান, পরিবার ও আত্মীয়স্বজনের অতিরিক্ত আদর-যত্নের মধ্যেই তার বেড়ে ওঠা। এমনকি বড় হওয়ার সময় বন্ধুদের বাবা-মায়ের কাছ থেকেও তিনি অনেক স্নেহ পেয়েছেন। এর কারণে বাস্তব জীবনের নানা বিষয় বুঝতে তার কিছুটা বেশি সময় লেগেছে বলে মনে করেন তিনি। অভিনয় জগতে আসার পর ধীরে ধীরে স্পষ্টভাবে নিজের কথা বলতে শেখেন।
এদিকে বেশ কিছুদিন ধরে নিয়মিত অভিনয়ে দেখা যাচ্ছে না প্রভাকে। তবে নতুন দুটি সিনেমায় যুক্ত হওয়ার খবর পাওয়া গেছে। সরকারি অনুদান পাওয়া সিনেমা দুটির একটি ‘দেনা পাওনা’। সিনেমাটির বেশ কিছু অংশের শুটিং ইতোমধ্যে শেষ হয়েছে। চলতি সপ্তাহে বাকি অংশের দৃশ্যধারণ হওয়ার কথা রয়েছে।
অন্য সিনেমাটির নাম ‘দুই পয়সার মানুষ’। নতুন এই দুই চলচ্চিত্রের মাধ্যমে আবারও বড় পর্দায় সরব হওয়ার অপেক্ষায় রয়েছেন এই অভিনেত্রী।
সম্পাদক:মো: আবু ফাত্তাহ
বেঙ্গল সেন্টার (৬ষ্ঠ তলা) ২৮ তোফখানা রোড ঢাকা-১০০০।
ফোন:০১৬১৮৫১১৫১৭ মেইল: sattyasamacher@gmail.com
Copyright © 2026 sattyasamacher.com. All rights reserved.