প্রিন্ট এর তারিখঃ এপ্রিল ২৪, ২০২৬, ১২:৩৫ পি.এম || প্রকাশের তারিখঃ জানুয়ারি ২০, ২০২৬, ৩:০৫ অপরাহ্ণ
উপদেষ্টা পরিষদে নতুন ৩ থানা স্থাপনের প্রস্তাব অনুমোদন

সত্য সমাচার ডিজিটাল: গাজীপুর জেলায় ‘পূর্বাচল উত্তর’, নারায়ণগঞ্জ জেলায় ‘পূর্বাচল দক্ষিণ’, কক্সবাজার জেলায় ‘মাতারবাড়ী’ নামে তিনটি নতুন থানা স্থাপনের প্রস্তাব অনুমোদন দেওয়া হয়েছে।
মঙ্গলবার (২০ জানুয়ারি) প্রশাসনিক পুনর্বিন্যাস সংক্রান্ত জাতীয় বাস্তবায়ন কমিটির (নিকার) ১১৯তম সভায় এ অনুমোদন দেওয়া হয়।
রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সভাপতিত্বে এ সভা অনুষ্ঠিত হয়। অন্তর্বর্তী সরকারের মেয়াদকালে এটি নিকারের প্রথম সভা।
সভায় অর্থ এবং আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়সহ সরকারের ছয়জন উপদেষ্টা এবং মন্ত্রিপরিষদ সচিব ও মুখ্য সচিবসহ সরকারের ১৪ জন সচিব/সিনিয়র সচিব উপস্থিত ছিলেন। এ সভায় প্রশাসনিক পুনর্বিন্যাস সংক্রান্ত মোট ১১টি প্রস্তাব অনুমোদিত হয়েছে।
গাজীপুর জেলায় পূর্বাচল উত্তর, নারায়ণগঞ্জ জেলায় পূর্বাচল দক্ষিণ, কক্সবাজার জেলায় মাতারবাড়ী নামে তিনটি নতুন থানা স্থাপনের প্রস্তাব অনুমোদিত হয়।
এ ছাড়া নরসিংদী জেলায় রায়পুরাকে ভেঙে আরো একটি নতুন থানা স্থাপনের প্রস্তাব অনুমোদিত হয়।
সরকারের রাজস্ব আহরণ ব্যবস্থাপনায় স্বচ্ছতা, জবাবদিহি এবং গতিশীলতা বৃদ্ধিকরণের লক্ষ্যে অর্থ মন্ত্রণালয়ের আওতায় ‘রাজস্ব নীতি বিভাগ’ এবং ‘রাজস্ব ব্যবস্থাপনা বিভাগ’ নামে দু'টি প্রশাসনিক বিভাগ গঠনের প্রস্তাব অনুমোদিত হয়েছে।
উল্লেখ্য, এ বিষয়ে ইতোমধ্যে রাজস্ব নীতি ও রাজস্ব ব্যবস্থাপনা অধ্যাদেশ, ২০২৫ জারি করা হয়েছে।
‘স্বাস্থ্য সেবা বিভাগ’ ও ‘স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগ’ দুটিকে একত্রীকরণের মাধ্যমে ‘স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়’ পুনর্গঠন করার প্রস্তাব অনুমোদিত হয়।
এ ছাড়া, মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের নাম পরিবর্তন করে ‘নারী ও শিশু মন্ত্রণালয়’ করার প্রস্তাব অনুমোদিত হয়।
সম্পাদক:মো: আবু ফাত্তাহ
বেঙ্গল সেন্টার (৬ষ্ঠ তলা) ২৮ তোফখানা রোড ঢাকা-১০০০।
ফোন:০১৬১৮৫১১৫১৭ মেইল: sattyasamacher@gmail.com
Copyright © 2026 sattyasamacher.com. All rights reserved.