ঢাকা২৫শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ

উখিয়ায় দু’পক্ষের সংঘর্ষে মসজিদের খতিবসহ নিহত ৩

admin
এপ্রিল ৬, ২০২৫ ৪:০৪ অপরাহ্ণ
Link Copied!

টেকনাফ প্রতিনিধি
০৬ এপ্রিল ২০২৫,

কক্সবাজারের উখিয়া উপজেলার কুতুপালং এলাকায় জমি নিয়ে বিরোধের জেরে দু’পক্ষের সংঘর্ষে মসজিদের খতিবসহ তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন বেশ কয়েকজন।

আজ রবিবার সকালে রাজাপালং ইউনিয়নের কুতুপালং ৯নং ওয়ার্ডের পশ্চিমপাড়া এলাকায় এ সংঘর্ষের ঘটনা ঘটে।

নিহতরা হলেন-কুতুপালং মসজিদের খতিব মাওলানা আবদুল্লাহ আল মামুন, প্রতিপক্ষের মোহাম্মদ হোসাইনের ছেলে আব্দুল মান্নান (৩৭) ও তার বোন শাহিনা বেগম (৪০)। নিহতরা সবাই আপন চাচাতো ভাই-বোন।

স্থানীয় সূত্রে জানা গেছে, কুতুপালং পশ্চিমপাড়া গ্রামের একটি জায়গা নিয়ে দু’পক্ষের মাঝে বিরোধ চলে আসছিল। এই বিরোধের জেরে রবিবার সকালে সংঘর্ষ শুরু হয়। এ সময় পাল্টাপাল্টি হামলা ও এলোপাতাড়ি কোপানোর ঘটনায় উভয়পক্ষের অনেকে আহত হন। পরে স্থানীয় লোকজন গুরুতর আহতদের স্থানীয় হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তিনজনকে মৃত ঘোষণা করেন।

জানতে চাইলে কুতুপালং ইউপি সদস্য হেলাল উদ্দিন বলেন, জমির সীমানা নিয়ে তাদের মধ্যে ঝগড়া হয়। কয়েকদিন ধরে এই নিয়ে ঝগড়া বিবাদ চলে আসছিল। আজকে সেটি বড় আকারে পরিণত হয়।

ঘটনার সত্যতা নিশ্চিত করে উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফ বলেন, কুতুপালং এলাকায় জমি বিরোধ নিয়ে দু’পক্ষের সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন। এ ছাড়া বেশ কয়েকজন আহত হয়েছেন।

মরদেহগুলো উদ্ধার করে ময়নাতদন্তের জন্যে মর্গে পাঠানো হয়েছে। এ ব্যাপারে আইনগত প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে বলেও জানান উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।