সত্য সমাচার ডেস্ক:
০৪ মার্চ ২০২৬
ঈদুল ফিতরে ঢালিউড পাড়ায় রাজত্ব করতে আসছেন একঝাঁক নায়িকা। বছরের অন্যান্য সময় প্রেক্ষাগৃহ অনেকটা নির্জীব থাকলেও, রুপালি পর্দায় রীতিমতো ‘রানীদের মেলা’ বসতে যাচ্ছে। তারকানির্ভর এই উৎসবকে আরও রঙিন করতে ঈদ রাঙাবেন তাসনিয়া ফারিণ, পূজা চেরী, পরীমনি, সাবিলা নূর ও নুসরাত ফারিয়ারা। লিখেছেন-ফয়সাল আহমেদ
তাসনিয়া ফারিণ
ঈদে মুক্তির তালিকায় আছে তাসনিয়া ফারিণের সিনেমা ‘প্রিন্স’। সিনেমায় শাকিব খানের সঙ্গে কাজ করেছেন তিনি। ফারিণ জানান, “আমার নতুন যাত্রা শুরু হতে যাচ্ছে। হৃদয় ভরা ভালোবাসা। তৈরি হচ্ছি ‘প্রিন্স’-এর জন্য।” নব্বইয়ের দশকের অপরাধজগতের পটভূমিতে তৈরি ‘প্রিন্স’-এ ঢাকার গ্যাংস্টার-সংস্কৃতির একটি অধ্যায় তুলে ধরার চেষ্টা করা হবে। ঢালিউডসংশ্লিষ্ট কেউ কেউ বলছেন, ছবিটি ঈদুল ফিতরে মুক্তি দেওয়া সম্ভব নয়। কারণ শুটিং শেষ হবে না। তবে পরিচালক আবু হায়াত মাহমুদ জানিয়েছেন, শুটিং, সম্পাদনা, কালার গ্রেডিং ও মিউজিক একসঙ্গে এগোচ্ছে। টিজার শিগগিরই প্রকাশের পরিকল্পনা রয়েছে।
পূজা চেরী
২০২৩ সালের ডিসেম্বরে ঘোষণা দেওয়া হয়, রেদওয়ান রনি নির্মাণ করবেন ‘দম’। সিনেমায় অভিনয় করবেন চঞ্চল চৌধুরী। গত বছরের জুলাইয়ে এতে যুক্ত হন আফরান নিশো। গত বছরের ২৯ অক্টোবরের মহরতে চঞ্চল ও নিশোর সঙ্গে পরিচয় করিয়ে দেওয়া হয় অভিনেত্রী পূজা চেরীকে, যিনি ‘দম’-এ অভিনয় করছেন। তখন সাক্ষাৎকারে পূজা বলেন, ‘দম সিনেমায় যুক্ত হয়ে মনে হচ্ছে এটি আমার অভিনয়জীবনের পুনর্জন্ম। এমন চিত্রনাট্য ও চরিত্র আমার কাছে বড় চ্যালেঞ্জ। দর্শক ছবিটি দেখলে বুঝবেন কেন আমি এভাবে বলছি।’
অপু বিশ্বাস
দুই বছর পর ‘দুর্বার’ সিনেমা দিয়ে বড় পর্দায় ফিরছেন অপু বিশ্বাস। এই সিনেমায় তার বিপরীতে আছেন ছোটপর্দার জনপ্রিয় নায়ক সজল। কামরুল হাসান ফুয়াদের পরিচালনায় থ্রিলারধর্মী এই সিনেমায় ভিন্নভাবে দেখা যাবে ঢালিউডের এই নায়িকাকে। অপু বিশ্বাস বলেন, ‘দুর্বার সিনেমায় দুর্বার গতিতেই দেখা যাবে আমাকে। ভিন্ন চরিত্র ও ভিন্ন গেটআপে দেখা যাবে। দর্শকরা ভালো একটি সিনেমা দেখতে পারবেন। অনেক চমক থাকছে এতে।’
নুসরাত ফারিয়া
দেশ ও দেশের বাইরে প্রশংসিত বাংলাদেশের জনপ্রিয় অভিনেত্রী নুসরাত ফারিয়া ‘ট্রাইব্যুনাল’ সিনেমার মাধ্যমে বড় পর্দায় ফিরছেন। চরিত্রটিতে তাকে সত্য ও ন্যায়ের পক্ষে নির্ভীকভাবে দাঁড়াতে দেখা যাবে। এ বিষয়ে নুসরাত বলেন, ‘চরিত্রটির আবেগ, দায়িত্ববোধ আর দৃঢ়তা আমাকে ভীষণভাবে নাড়া দিয়েছে।’ তিনি আরও বলেন, ‘এমন শক্তিশালী নারী চরিত্রে অভিনয় করা যেকোনো শিল্পীর জন্য বিরল সুযোগ। আমি চাই দর্শকরা আমার নতুন এক দিক দেখতে পাক এই ছবিতে।’ নির্মাতা রায়হান খানের ছবিটিতে আরও অভিনয় করেছেন আদর আজাদ, মৌসুমী হামিদ, তানিয়া বৃষ্টি প্রমুখ।
শবনম বুবলী, নাজিফা তুষি ও মারিয়া শান্ত
পারিবারিক ও মনস্তাত্ত্বিক টানাপড়েনের গল্প নিয়ে তৈরি হয়েছে ‘প্রেশার কুকার’। পরিচালক রায়হান রাফী ও প্রযোজনা প্রতিষ্ঠান ইমপ্রেস টেলিফিল্ম সূত্রে জানা গেছে, এ সিনেমার সবচেয়ে বড় বৈশিষ্ট্য হলো, এতে প্রচলিত অর্থে কোনো নায়ক নেই। নারী চরিত্রদের ঘিরে আবর্তিত হবে পুরো গল্প। ছবিতে অভিনয় করেছেন শবনম বুবলী, নাজিফা তুষি ও মারিয়া শান্ত। তিনটি নারী চরিত্রের ভিন্ন ভিন্ন জার্নি, দ্বন্দ্ব ও বাস্তবতার চাপ থেকেই তৈরি হবে ছবির নাটকীয়তাÑ এমনটাই জানা গেছে।
সাবিলা নূর
‘উৎসব’ বানিয়ে সবাইকে চমকে দেন পরিচালক তানিম নূর। এবার ‘বনলতা এক্সপ্রেস’ নিয়ে আসছেন তিনি। হুমায়ূন আহমেদের ‘কিছুক্ষণ’ উপন্যাস অবলম্বনে ছবিটি তৈরি হচ্ছে। চিত্রা নামের এক মেয়ের এক দিনের ট্রেন জার্নির অভিজ্ঞতা নিয়ে সিনেমার কাহিনি। ছবিতে চিত্রা চরিত্রে অভিনয় করেছেন সাবিলা নূর। আরও আছেন শরীফুল রাজ, মোশাররফ করিম, চঞ্চল চৌধুরী, বাঁধন, মম প্রমুখ। এরই মধ্যে ছবিটির শুটিং শেষ হয়েছে, এখন চলছে পোস্ট-প্রোডাকশন।
পরীমনি
তালিকায় আছে আলোচিত চিত্রনায়িকা পরীমনির সিনেমাও। ‘ডোডোর গল্প’ নামে ছবিটি বানিয়েছেন রেজা ঘটক। সরকারি অনুদানের এ সিনেমায় পরীমনিকে দেখা যাবে সংগ্রামী মায়ের চরিত্রে।

