
ইসরায়েলে গত সপ্তাহের সাধারণ নির্বাচনের পর নতুন সরকার গঠনে বিরোধীদলীয় নেতা গাদি আইজেনকোটকে সমর্থন দেওয়ার ঘোষণা দিয়েছে আরব নেতৃত্বাধীন রাজনৈতিক দলগুলোর জোট জয়েন্ট লিস্ট।
বৃহস্পতিবার জোটটি জানিয়েছে, নতুন সরকার গঠনের দায়িত্ব আইজেনকোটকে দেওয়ার সুপারিশ করে তারা প্রেসিডেন্ট আইজ্যাক হারজগের কাছে আনুষ্ঠানিকভাবে আবেদন জানাবে। বার্তাসংস্থা আল-জাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানা যায়।
এক বিবৃতিতে জয়েন্ট লিস্ট বলেছে, ‘আজ বৃহস্পতিবার সন্ধ্যায় রাষ্ট্রপতি আইজ্যাক হারজগকে জানানো হবে যে, সরকার গঠনের দায়িত্ব গাদি আইজেনকোটকে দেওয়ার সুপারিশ করার সিদ্ধান্ত নিয়েছে জয়েন্ট লিস্ট।’
গত সপ্তাহের নির্বাচনে ইসরায়েলের ১২০ আসনের পার্লামেন্ট নেসেটে আরব নেতৃত্বাধীন দলগুলো রেকর্ড ১৯টি আসন পেয়েছে। ফলে নতুন সরকার গঠনে তাদের সমর্থন গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে।
জয়েন্ট লিস্টের ১১ জন আইনপ্রণেতা আনুষ্ঠানিকভাবে আইজেনকোটের পক্ষে সুপারিশ জমা দিলে তার প্রতি সমর্থন জানানো আইনপ্রণেতার সংখ্যা ৬৭-তে পৌঁছাবে। এর আগে আটটি আসন পাওয়া আরব নেতৃত্বাধীন দল রা’আমও আইজেনকটকে সমর্থনের ঘোষণা দিয়েছে। ইসরায়েলের পার্লামেন্টে সরকার গঠনের জন্য প্রয়োজন ৬১টি আসন।
অন্যদিকে, বেনিয়ামিন নেতানিয়াহুর নেতৃত্বাধীন জোটের আসনসংখ্যা ৫৩ হলেও তার পক্ষে সুপারিশ নাও আসতে পারে। কারণ, অতি-রক্ষণশীল দল ইউনাইটেড তোরাহ জুডাইজমের সাতটি আসনের মধ্যে চারটি আসন পাওয়া দেগেল হা তোরাহ জানিয়েছে, তারা কোনো প্রার্থীকেই সমর্থন দেবে না।
দ্য টাইমস অব ইসরায়েল-এর প্রতিবেদন অনুযায়ী, অতি-রক্ষণশীল ইহুদি পুরুষদের সামরিক বাহিনীতে বাধ্যতামূলক নিয়োগ থেকে অব্যাহতি দেওয়ার আইন পাস করতে ব্যর্থ হওয়ায় নেতানিয়াহুর জোটের সঙ্গে দলটির বিরোধ তৈরি হয়েছে।
এদিকে, নির্বাচনে আরব দলগুলোর বিরুদ্ধে বিদেশি সহায়তায় কারচুপির অভিযোগ করে আসছেন নেতানিয়াহু। তবে এসব অভিযোগের পক্ষে কোনো প্রমাণ দিতে পারেননি তিনি। তার দল লিকুদ কয়েকটি ঘটনার কথা উল্লেখ করেছে, যার মধ্যে ভোট শুরুর আগে ভোটারদের ঘুষ দেওয়ার অভিযোগে তিন রাজনৈতিক কর্মীকে গ্রেপ্তারের ঘটনাও রয়েছে। তাদের সঙ্গে রা’আম দলের সংশ্লিষ্টতার সন্দেহ করা হলেও দলটি এ অভিযোগ অস্বীকার করেছে।
নেতানিয়াহু ও লিকুদ পার্টি আরও বলেছে, বিরোধী দলগুলোর সঙ্গে আরব নেতৃত্বাধীন দলগুলোর জোটবদ্ধ হওয়া রাষ্ট্রদ্রোহের শামিল। নির্বাচনের পর এক বিবৃতিতে লিকুদ সতর্ক করে বলেছিল, জায়নবাদী দলগুলোর সঙ্গে আরব জোটের সহযোগিতা ইসরায়েলের জন্য ‘বিপজ্জনক’ হবে।
তবে বুধবার ইসরায়েলের কেন্দ্রীয় নির্বাচন কমিশন নির্বাচনের ফলাফল চূড়ান্তভাবে অনুমোদন করেছে। নির্বাচনে কারচুপির কোনো প্রমাণ পাওয়া যায়নি বলে জানিয়েছে কমিশন।
প্রেসিডেন্ট আইজ্যাক হারজগও নির্বাচনের ফলাফল গ্রহণ করেছেন এবং নতুন সরকার গঠনের দায়িত্ব কাকে দেওয়া হবে, তা নির্ধারণে রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা শুরু করেছেন। এখন পর্যন্ত তিনি রিলিজিয়াস জায়নিস্ট পার্টি, জেহুত, শাস ও ইসরায়েল বেইতেনু দলের প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করেছেন। বৃহস্পতিবারও এ আলোচনা চলবে বলে জানিয়েছেন তিনি।
হারজগ নির্বাচনে সম্ভাব্য বিদেশি হস্তক্ষেপের অভিযোগ তদন্তের পক্ষে অবস্থান নিলেও ইসরায়েলের ফিলিস্তিনি নাগরিকদের বিরুদ্ধে বিদ্বেষ ছড়ানোর বিষয়ে সতর্ক করেছেন। দেশটির মোট জনসংখ্যার প্রায় ২০ শতাংশ ফিলিস্তিনি নাগরিক। তাদের প্রতি ‘গভীর শ্রদ্ধা’ রয়েছে উল্লেখ করে তিনি বলেন, সাম্প্রতিক সময়ে শোনা যাওয়া ‘অশালীন ও বর্ণবাদী বক্তব্যের’ নিন্দা জানাচ্ছেন তিনি।
দলগুলোর সঙ্গে আলোচনা শেষ হলে প্রেসিডেন্ট এমন একজন প্রার্থীকে সরকার গঠনের দায়িত্ব দেবেন, যাকে তিনি সরকার গঠনের জন্য সবচেয়ে উপযুক্ত মনে করবেন। সম্ভাব্য প্রার্থী হিসেবে রয়েছেন নেতানিয়াহু ও আইজেনকোট। মনোনীত প্রার্থী সরকার গঠনের জন্য ২৮ দিন সময় পাবেন। প্রয়োজনে আরও ১৪ দিন সময় বাড়ানো হতে পারে। কেউ সরকার গঠনে ব্যর্থ হলে আগামী বছরের শুরুতে আবারও নির্বাচন অনুষ্ঠিত হতে পারে।
অধিকৃত পশ্চিম তীরের রামাল্লা থেকে আল জাজিরার সাংবাদিক নূর ওদেহ জানিয়েছেন, আইজেনকোট সরকার গঠন করতে পারলে তিনিই হবেন ইসরায়েলের পরবর্তী প্রধানমন্ত্রী। অন্যদিকে নেতানিয়াহুকে বিরোধীদলীয় নেতার ভূমিকায় যেতে হতে পারে।
তবে আইজেনকোটের জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ হবে আরব দলগুলোর সমর্থন নিশ্চিত করা। কারণ, ফিলিস্তিনি-ইসরায়েলি দলগুলোর সঙ্গে সরাসরি জোট গঠনে তিনি আগ্রহী নন বলে জানিয়েছেন। সরকার গঠনের জন্য প্রয়োজনীয় ৬১টি ভোট পেতে হলে অন্তত এসব দলের সমর্থন অথবা সংসদে ভোটদানে বিরত থাকার মতো কোনো সমঝোতায় পৌঁছাতে হবে তাকে।
নূর ওদেহ বলেন, নেতানিয়াহুকে ক্ষমতা থেকে সরানোর প্রতিশ্রুতি বাস্তবায়ন করতে হলে আইজেনকোটকে শেষ পর্যন্ত ফিলিস্তিনি-ইসরায়েলি দলগুলোর সঙ্গে কোনো না কোনো সমঝোতায় পৌঁছাতে হতে পারে। আর এমন সমঝোতাই ইসরায়েলের রাজনীতিতে নতুন অধ্যায়ের সূচনা করতে পারে।
সম্পাদক:মো: আবু ফাত্তাহ
বেঙ্গল সেন্টার (৬ষ্ঠ তলা) ২৮ তোফখানা রোড ঢাকা-১০০০।
ফোন:০১৬১৮৫১১৫১৭ মেইল: sattyasamacher@gmail.com
Copyright © 2026 sattyasamacher.com. All rights reserved.