
ইয়েমেনে হুথিদের নিয়ন্ত্রণে থাকা এলাকা পুনর্দখলে বড় ধরনের পাল্টা অভিযান চালাচ্ছে আন্তর্জাতিকভাবে স্বীকৃত সরকার। অভিযানে এখন পর্যন্ত ১ হাজার ৮৬০ হুতি যোদ্ধা নিহত হওয়ার দাবি করেছে ইয়েমেনি সরকারি বাহিনী। কাতারভিত্তিক বার্তাসংস্থা আল-জাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানা যায়।
বৃহস্পতিবার ভোরে সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে আন্তর্জাতিকভাবে স্বীকৃত ইয়েমেন সরকারের সামরিক বাহিনীর মুখপাত্র জানান, চলমান ‘ডন অব ইয়েমেন’ অভিযানের অংশ হিসেবে বিভিন্ন ফ্রন্টে হুথিদের সামরিক অবস্থান লক্ষ্য করে ২ হাজার ১০৩টি ‘নির্ভুল অভিযান’ চালানো হয়েছে।
সৌদি আরব-সমর্থিত ইয়েমেন সরকার আরও দাবি করেছে, পশ্চিম তাইজে উপকূলের দিকে নজর রাখা গুরুত্বপূর্ণ কয়েকটি পাহাড়ি অবস্থান তারা দখলে নিয়েছে।
রোববার ইয়েমেনের প্রেসিডেনশিয়াল লিডারশিপ কাউন্সিলের চেয়ারম্যান রাশাদ আল-আলিমি ‘ডন অব ইয়েমেন’ অভিযান শুরুর ঘোষণা দেন। এর লক্ষ্য হুথিদের নিয়ন্ত্রণে থাকা সব এলাকা, এমনকি রাজধানী সানাও পুনর্দখল করা। ইরান-সমর্থিত হুথিরা ২০১৪ সাল থেকে সানা নিয়ন্ত্রণ করছে।
সাম্প্রতিক দিনগুলোতে ইয়েমেনের লড়াইয়ের মূল কেন্দ্র হয়ে উঠেছে বাব আল-মান্দেব প্রণালির আশপাশের এলাকা। যুক্তরাষ্ট্র-ইরান সংঘাতের কারণে হরমুজ প্রণালিতে বাণিজ্য বাধাগ্রস্ত হওয়ায় জ্বালানি রপ্তানির জন্য গুরুত্বপূর্ণ এই নৌপথের গুরুত্ব আরও বেড়েছে।
মঙ্গলবার ইয়েমেন সরকারের অনুগত বাহিনী বাব আল-মান্দেব প্রণালি ও মোখা শহরের আশপাশের কৌশলগত এলাকা দখলের অভিযান শুরু করে। গত সেপ্টেম্বরে এসব এলাকার নিয়ন্ত্রণ নেয় হুতিরা।
এদিকে ইয়েমেনে লড়াইরত সৌদি নেতৃত্বাধীন জোট বুধবার জানিয়েছে, তারা সাদা, হোদেইদা, আল-জাওফ ও মারিব প্রদেশে হুতিদের ৮২টি সামরিক লক্ষ্যবস্তু ধ্বংস করেছে। জোটের মুখপাত্র বলেন, এসব লক্ষ্যবস্তুর মধ্যে ছিল ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের অবস্থান, সাদায় পাহাড়ে থাকা ১১টি ক্ষেপণাস্ত্র সংরক্ষণাগার, কমান্ড ও নিয়ন্ত্রণকেন্দ্র, যোগাযোগব্যবস্থা এবং ক্ষেপণাস্ত্র ও অস্ত্রের গুদাম।
মঙ্গলবার ও বুধবার রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দর এবং আবহা আন্তর্জাতিক বিমানবন্দর লক্ষ্য করে হুথিদের হামলার পর নতুন এই অভিযান শুরু হয় বলে জোটের মুখপাত্র জানিয়েছেন।
সৌদি বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ জানিয়েছে, দুই বিমানবন্দরে হামলায় মোট তিনজন নিহত হয়েছেন। কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরে হামলায় একজন নিহত ও আটজন আহত হন। আর আবহা বিমানবন্দরের বিভিন্ন স্থাপনায় হামলায় দুজন নিহত এবং ২৮ জন আহত হন।
হামলার নিন্দা জানিয়েছে মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশ ও সংগঠন। কুয়েত একে সৌদি আরবের সার্বভৌমত্ব ও আন্তর্জাতিক আইনের ‘নির্লজ্জ লঙ্ঘন’ বলে উল্লেখ করেছে। মুসলিম ওয়ার্ল্ড লিগ (এমডব্লিউএল) হামলাকে ‘বিশ্বাসঘাতক সন্ত্রাসী হামলা’ হিসেবে নিন্দা করেছে। মিশর বলেছে, এসব হামলা পুরো অঞ্চলের নিরাপত্তার জন্য হুমকি তৈরি করছে।
সম্পাদক:মো: আবু ফাত্তাহ
বেঙ্গল সেন্টার (৬ষ্ঠ তলা) ২৮ তোফখানা রোড ঢাকা-১০০০।
ফোন:০১৬১৮৫১১৫১৭ মেইল: sattyasamacher@gmail.com
Copyright © 2026 sattyasamacher.com. All rights reserved.