স্পোর্টস ডেস্ক
২৯ আগস্ট ২০২৬
পাকিস্তানের কিংবদন্তি ক্রিকেটার ও সাবেক অধিনায়ক ইমরান খানের সুচিকিৎসা ও পরিবারের সঙ্গে সাক্ষাতের সুযোগ নিশ্চিত করার দাবি জানিয়েছেন ২১ জন সাবেক আন্তর্জাতিক অধিনায়ক। এবার তাদের দাবির সঙ্গে একাত্মতা প্রকাশ করেছেন অস্ট্রেলিয়ার টেস্ট ও ওয়ানডে অধিনায়ক প্যাট কামিন্স।
দুর্নীতির মামলায় ২০২৩ সাল থেকে রাওয়ালপিন্ডির একটি কারাগারে বন্দি রয়েছেন ৭৩ বছর বয়সী ইমরান খান। সম্প্রতি স্বাস্থ্য পরীক্ষার জন্য তাকে ইসলামাবাদে নেওয়া হলেও পরে আবার কারাগারে ফেরত পাঠানো হয়। এদিকে ইমরানের দুই ছেলে সুলাইমান ও কাসিম বাবার নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন। তাদের অভিযোগ, ইমরানকে হত্যার চেষ্টা করা হতে পারে।
এমন পরিস্থিতিতে ইমরানের পাশে দাঁড়ানো প্রথম সক্রিয় আন্তর্জাতিক অধিনায়ক হিসেবে সামনে এলেন কামিন্স।
গত সপ্তাহে ভারতের কিংবদন্তি সুনীল গাভাস্কারসহ ২১ জন সাবেক আন্তর্জাতিক অধিনায়ক পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফকে চিঠি দেন। চিঠিতে ইমরানের সুচিকিৎসা নিশ্চিত করা এবং তার সঙ্গে পরিবারের সদস্যদের সাক্ষাতের সুযোগ অব্যাহত রাখার আহ্বান জানানো হয়। ওই চিঠিতে স্বাক্ষরকারীদের মধ্যে অস্ট্রেলিয়ার সাবেক অধিনায়ক গ্রেগ চ্যাপেলও ছিলেন।
চ্যাপেলের একটি ভিডিও ক্লিপ নিজের এক্স (সাবেক টুইটার) অ্যাকাউন্টে শেয়ার করে কামিন্স লেখেন, ‘জিসি (গ্রেগ চ্যাপেল) এবং অন্য সাবেক আন্তর্জাতিক অধিনায়কদের প্রতি আমি আমার সমর্থন জানাচ্ছি। আমি আশা করি, আদালত তার সুচিকিৎসায় সহযোগিতা করবে এবং পরিবারের সঙ্গে সাক্ষাৎ অব্যাহত থাকবে। আমি আশা করব, ইমরান খানের সঙ্গে মর্যাদাপূর্ণ আচরণ করা হবে—যেমনটা অন্য সবার প্রাপ্য।’
ইমরানের সুচিকিৎসার দাবিতে চিঠিতে স্বাক্ষর করা সাবেক অধিনায়করা হলেন—মাইকেল আথারটন, অ্যালেক্স ব্ল্যাকওয়েল, অ্যালান বোর্ডার, মাইকেল ব্রিয়ারলি, গ্রেগ চ্যাপেল, ইয়ান চ্যাপেল, বেলিন্ডা ক্লার্ক, অ্যালিস্টার কুক, মাইক গ্যাটিং, সুনীল গাভাস্কার, লি জার্মন, অ্যাডাম গিলক্রিস্ট, ডেভিড গাওয়ার, কিম হিউজ, নাসের হুসেইন, ক্লাইভ লয়েড, কপিল দেব, অর্জুনা রানাতুঙ্গা, অ্যান্ড্রু স্ট্রস, দিলীপ ভেংসরকার, স্টিভ ওয়াহ ও জন রাইট।
সম্পাদক:মো: আবু ফাত্তাহ
বেঙ্গল সেন্টার (৬ষ্ঠ তলা) ২৮ তোফখানা রোড ঢাকা-১০০০।
ফোন:০১৬১৮৫১১৫১৭ মেইল: sattyasamacher@gmail.com
Copyright © 2026 sattyasamacher.com. All rights reserved.