
দীর্ঘ ৮ বছর পর আবারও বড়পর্দায় ফিরছেন ঢাকাই সিনেমার জনপ্রিয় চিত্রনায়ক আমিন খান। ‘গুলশানের চামেলি’র মধ্যদিয়ে বিরতি ভাঙছেন এই অভিনেতা। সিনেমাটি নির্মাণ করছেন মোহাম্মদ ইকবাল।
গতকাল শনিবার রাজধানীর একটি পাঁচতারকা হোটেলে অনুষ্ঠিত হয় ‘গুলশানের চামেলি’ সিনেমার মহরত। সেখানেই সিনেমার অভিনয়শিল্পীদের নাম ঘোষণা করা হয়।
দীর্ঘ বিরতির পর সিনেমায় ফেরার অনুভূতি জানিয়ে আমিন খান বলেন, অনেক দিন পর সিনেমায় কাজ করতে পেরে তার ভালো লাগছে। মাঝে দীর্ঘ সময় কাজ থেকে দূরে ছিলেন। তবে নির্মাতা মোহাম্মদ ইকবালের প্রস্তাব পাওয়ার পর সিনেমাতে কাজ করার আগ্রহ তৈরি হয়।
অভিনেতার ভাষ্য, এই সিনেমায় গুণী অনেক শিল্পী যুক্ত হয়েছেন। সবার সম্মিলিত চেষ্টায় দর্শকদের জন্য একটি ভালো সিনেমা উপহার দেওয়ার চেষ্টা থাকবে।
‘গুলশানের চামেলি’ সিনেমার গল্প আবর্তিত হয়েছে রাজনীতি, ক্ষমতার অপব্যবহার এবং অভিজাত সমাজের অন্ধকার বাস্তবতাকে ঘিরে। গল্পে দেখা যাবে, এক যৌনকর্মী কোনো অপরাধ না করেও বারবার ক্ষমতার নির্মম খেলার শিকার হন।
সিনেমাতে আমিন খান ছাড়াও অভিনয় করবেন কলকাতার অভিনেত্রী মধুমিতা সরকার, রোজিনা, আজমেরী হক বাঁধন, ওমর সানী, মিশা সওদাগর, আশীষ খন্দকার ও মুকিত জাকারিয়াসহ অনেকে।
নির্মাতা সূত্রে জানা গেছে, সবকিছু ঠিক থাকলে আগামী নভেম্বরে সিনেমাটির শুটিং শুরু হবে।
বলা দরকার, সর্বশেষ ২০১৮ সালে ‘ডাইরেক্ট অ্যাকশন’ সিনেমায় অভিনয় করেছিলেন আমিন খান।
সম্পাদক:মো: আবু ফাত্তাহ
বেঙ্গল সেন্টার (৬ষ্ঠ তলা) ২৮ তোফখানা রোড ঢাকা-১০০০।
ফোন:০১৬১৮৫১১৫১৭ মেইল: sattyasamacher@gmail.com
Copyright © 2026 sattyasamacher.com. All rights reserved.