প্রিন্ট এর তারিখঃ এপ্রিল ২৬, ২০২৬, ৭:১৫ পি.এম || প্রকাশের তারিখঃ নভেম্বর ৩, ২০২৫, ৯:৫৫ পূর্বাহ্ণ
আফগানিস্তানে ভূমিকম্পে নিহত কমপক্ষে ৭, আহত ১৫০
অনলাইন ডেস্ক
সোমবার ভোরে আফগানিস্তানের বৃহত্তম শহর মাজার-ই-শরিফে ৬.৩ মাত্রার ভূমিকম্পে সাতজন নিহত এবং ১৫০ জন আহত হয়েছেন বলে স্থানীয় স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে। উত্তর আফগানিস্তানের অন্যতম বৃহত্তম শহর বালখ প্রদেশের রাজধানী মাজার-ই-শরিফের কাছে শক্তিশালী ভূমিকম্পটি আঘাত হেনেছে।
স্থানীয় সময় রবিবার রাত ১টার দিকে (২০:৩০ জিএমটি) সংঘটিত এই ভূমিকম্পের মাত্রা ছিল ৬.৩ এবং এর গভীরতা ছিল প্রায় ২৮ কিলোমিটার (১৭ মাইল)। যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সতর্ক করে বলেছে, এই ভূমিকম্পে ‘বড় ধরনের প্রাণহানি’ ও ‘ব্যাপক ক্ষয়ক্ষতির’ আশঙ্কা রয়েছে।
এর আগে হাজি জায়েদ নামে ওই কর্মকর্তা এক পোস্টে জানান, ‘প্রদেশের বিভিন্ন জেলা থেকে সামান্য আহত ও হালকা ধরনের ক্ষয়ক্ষতির খবর পাওয়া গেছে। বেশিরভাগ আঘাতের কারণ মানুষ আতঙ্কে উঁচু ভবন থেকে পড়ে যায়।’
এএফপি জানিয়েছে, প্রায় পাঁচ লাখেরও বেশি মানুষের বসবাস মাজার-ই-শরিফে। ভূমিকম্পের সময় বহু বাসিন্দা আতঙ্কে ঘর থেকে রাস্তায় ছুটে আসে।
বালখের তালেবান মুখপাত্র এক্স-এ আরো একটি ভিডিও পোস্ট করেছেন। ওই ভিডিওতে দেখা যায়, শহরের ঐতিহাসিক নীল মসজিদের চত্বরজুড়ে ধ্বংসাবশেষ ছড়িয়ে রয়েছে। এই ধর্মীয় স্থাপনাটিকে প্রথম শিয়া ইমামের সমাধিস্থল বলে মনে করা হয়।