সত্য সমাচার ডিজিটাল:
১২ অক্টোবর ২০২৬ খ্রি. (সোমবার):
চাঁদপুর ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে এক নবজাতক চুরির চেষ্টা ব্যর্থ করে দিয়েছে নিরাপত্তা দায়িত্বে থাকা আনসার সদস্যরা। রবিবার (১১ অক্টোবর) রাত আনুমানিক সাড়ে দশটার দিকে হাসপাতালের ৩য় তলায় এই চাঞ্চল্যকর ঘটনাটি ঘটে। ওয়ার্ডে চিকিৎসাধীন এক নারীর নবজাতক সন্তানকে কৌশলে চুরি করার চেষ্টা চালায় শান্তা আক্তার নামের এক নারী।
সে সময় বিষয়টি টের পেয়ে প্রত্যক্ষদর্শী ও আনসার সদস্যরা তাৎক্ষণিক তৎপরতায় অভিযুক্ত শান্তা আক্তারকে আটক করতে সক্ষম হন। পরবর্তীতে দায়িত্বরত অঙ্গীভূত আনসারের পিসি মোঃ শাহজাহান, এপিসি রোবেল চন্দ্র সাহা ও আনসার আনোয়ার অভিযুক্তকে নিবিড় জিজ্ঞাসাবাদ করেন। ঘটনাটি নিয়ে হাসপাতালজুড়ে চাঞ্চল্যের সৃষ্টি হয়। পরে আইনি ব্যবস্থা গ্রহণের জন্য আটক নারীকে চাঁদপুর সদর থানা পুলিশের নিকট সোপর্দ করা হয়।
এই ঘটনার পর চাঁদপুর হাইমচরের বাসিন্দা নবজাতকের পিতা মোঃ সুমন খান ও মাতা শারমিন আক্তার তাদের সন্তানকে ফিরে পেয়ে স্বস্তি প্রকাশ করেছেন। একই সাথে তারা আনসার সদস্যদের এমন দায়িত্বশীল ভূমিকা, নিষ্ঠা ও দ্রুত তৎপরতার জন্য গভীর কৃতজ্ঞতা ও আন্তরিক ধন্যবাদ জ্ঞাপন করেন।
দেশের সরকারি হাসপাতালগুলোতে চিকিৎসক, সরকারি সম্পদ ও সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিতে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর অঙ্গীভূত সদস্যরা সার্বক্ষণিক কাজ করে যাচ্ছেন। চাঁদপুরের এই ঘটনাটি তাদের পেশাদারিত্বের আরো একটি সুন্দর দৃষ্টান্ত।

