ঢাকা২৪শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ

“আগারগাঁওস্থ বাণিজ্য মেলার পুরতান মাঠে অনুষ্ঠিত হবে ঈদ জামাত; জামাত শেষে সুলতানী আমলের মতো ঈদ আনন্দ মিছিলের পাশাপাশি থাকবে মেলা।” – স্থানীয় সরকার উপদেষ্টা

admin
মার্চ ২৩, ২০২৫ ৭:৫২ অপরাহ্ণ
Link Copied!

প্রেস রিলিজ;

২৩ মার্চ ২০২৫

অন্তর্বর্তীকালীন সরকারের স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া বলেছেন, ” সম্মিলিতভাবে ঈদকে উদ্‌যাপনের লক্ষ্যে আগারগাঁওস্থ বাণিজ্য মেলার পুরতান মাঠে অনুষ্ঠিত হবে ঈদ জামাত; সুলতানী আমলের মতো ঈদ আনন্দ মিছিলের পাশাপাশি থাকবে ঈদ মেলা।”

আজ(রবিবার) নগর ভবন, ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এর বুড়িগঙ্গা হলে “আগারগাঁওস্থ পুরাতন বাণিজ্য মেলার খালি জায়গায় পবিত্র ঈদ-উল-ফিতরের জামাত অনুষ্ঠানের লক্ষ্যে প্রস্তুতিমূলক সভা” শেষে উপদেষ্টা তাঁর অফিসকক্ষে সাংবাদিকদের প্রেস ব্রিফিংকালে এ কথা বলেন।

উপদেষ্টা আরো বলেন, ঢাকার ঐতিহ্যবাহী ঈদ মিছিলের কথা মনে পড়ে? সুলতানী আমল এর ঐতিহ্যকে ধারণ করে এবারের ঈদটা উদযাপিত হোক নতুনভাবে। শুধুমাত্র ব্যক্তি কিংবা পরিবার কেন্দ্রিক ঈদ আনন্দ না হয়ে, এবারের ঈদ কাটুক সমবেতভাবে। উত্তর সিটি কর্পোরেশনের আয়োজনে এই নতুন সম্মিলিত ঈদ উদ্‌যাপনে সকলকে অংশগ্রহণের উদাত্ত আহ্বান জানান তিনি।

এছাড়াও ঈদের জামাত শেষে ঈদকে আরো প্রাণবন্ত করে তুলতে সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজনের কথা উল্লেখ করেন উপদেষ্টা আসিফ মাহমুদ। সময় স্বল্পতার কারণে এবার সারাদেশে একযোগে এই ঈদ আনন্দ র‍্যালি, মেলা এবং সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজন করা সম্ভব না হলেও আগামীতে সারাদেশে একযোগে এমন ঈদ আনন্দ উদযাপনের কথা বলেন তিনি।

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে উপদেষ্টা আসিফ মাহমুদ বলেন, কেন্দ্রীয় ঈদগাহে প্রতিবারের মতোই প্রধান জামাত হবে; পাশাপাশি উত্তর সিটি কর্পোরেশন এর তত্ত্বাবধানে আরেকটি ঈদ জামাতসহ আনন্দ উদ্‌যাপন নতুন আঙ্গিকে পালন করা হবে।

প্রস্তুতিমূলক সভায় স্থানীয় সরকার বিভাগের সচিব, ঢাকা উত্তর ও ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এর প্রশাসকবৃন্দসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।