নিজস্ব প্রতিবেদক
ভারতের ত্রিপুরা রাজ্যের আগরতলায় ‘গণমাধ্যমে ভারত–বাংলাদেশ সম্পর্ক’ শীর্ষক আন্তর্জাতিক গোলটেবিল বৈঠক অনুষ্ঠিত হয়েছে। ত্রিপুরা জার্নালিস্ট ইউনিয়নের উদ্যোগে ২২ ও ২৩ জুলাই দুই দিনব্যাপী এ বৈঠকের আয়োজন করা হয়।
গোলটেবিল বৈঠকে সার্কভুক্ত দেশগুলোর গণমাধ্যম-সংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়। বাংলাদেশের প্রতিনিধি হিসেবে অংশ নেন দৈনিক সমাচার-এর ব্যবস্থাপনা সম্পাদক বেলাল হোসেন ভূঁইয়া এবং সাপ্তাহিক সত্য সমাচার-এর সম্পাদক মো. আবু ফাত্তাহ।
অনুষ্ঠানে আগরতলা প্রেস ক্লাবের সভাপতি প্রণব সরকার ও সাধারণ সম্পাদক রামাকান্তা দে বাংলাদেশি দুই প্রতিনিধিকে উত্তরীয় পরিয়ে সংবর্ধনা জানান।
আয়োজক সূত্রে জানা যায়, বৈঠকে ভারত ও বাংলাদেশের দ্বিপক্ষীয় সম্পর্ক, বিশেষ করে বাংলাদেশ ও ত্রিপুরার সীমান্তবর্তী অঞ্চলের সামাজিক ও সাংস্কৃতিক যোগাযোগ, গণমাধ্যমের ভূমিকা, তথ্য বিনিময় এবং পারস্পরিক সহযোগিতা জোরদারের নানা দিক নিয়ে আলোচনা হয়।
বক্তারা বলেন, দুই দেশের গণমাধ্যমের মধ্যে নিয়মিত যোগাযোগ ও অভিজ্ঞতা বিনিময়ের মাধ্যমে পারস্পরিক বোঝাপড়া বাড়বে। একই সঙ্গে আঞ্চলিক সহযোগিতা এবং পেশাগত সম্পর্ক আরও সুদৃঢ় হবে বলেও তাঁরা আশা প্রকাশ করেন।
সম্পাদক:মো: আবু ফাত্তাহ
বেঙ্গল সেন্টার (৬ষ্ঠ তলা) ২৮ তোফখানা রোড ঢাকা-১০০০।
ফোন:০১৬১৮৫১১৫১৭ মেইল: sattyasamacher@gmail.com
Copyright © 2026 sattyasamacher.com. All rights reserved.