
মার্কিন যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক জেএফকে বিমানবন্দরে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সদস্যসচিব আখতার হোসেনকে লক্ষ্য করে ডিম ছোড়ার ঘটনায় নিন্দা জানিয়ে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন,এ ঘটনা আবারও প্রমাণ করল— আওয়ামী লীগ তাদের অন্যায়ের জন্য বিন্দুমাত্র অনুশোচনা করে না।
মঙ্গলবার রাতে নিজের ভেরিফাইড ফেসবুক পেইজে দেওয়া এক পোস্টে এ কথা বলেন।
মির্জা ফখরুল বলেন, আওয়ামী লীগ আজ পর্যন্ত যা অন্যায় করেছে সবকিছুর বিচার আইনের মাধ্যমে হবে। দল ও দেশের স্বার্থে ধৈর্য ধরুন।উল্লেখ্য, জাতিসংঘ অধিবেশনে যোগ দিতে প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সফরসঙ্গী হয়ে নিউইয়র্কে গেছেন তিনটি রাজনৈতিক দলের পাঁচজন নেতা। তাদের মধ্যে রয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির, জামায়াতের নায়েবে আমির সৈয়দ আবদুল্লাহ মো. তাহের, এনসিপির সদস্যসচিব আখতার হোসেন এবং এনসিপির যুগ্ম আহ্বায়ক তাসনিম জারা।
নিউইয়র্ক পৌঁছানোর পর বিমানবন্দর থেকে লাগেজ হাতে রাস্তা পার হছিলেন আখতার হোসেন। তার সামনে ছিলেন এনসিপির যুগ্ম আহ্বায়ক তাসনিম জারা। সে সময় সেখানে আগে থেকে জড়ো হয়ে থাকা আওয়ামী লীগের কর্মীরা আখতার হোসেনকে লক্ষ্য করে তার ওপর ডিম নিক্ষেপ করেন। ডিমটি তার পিঠে লেগে ফেটে যায়। সেখানে উপস্থিত এক ব্যক্তিকে আখতার হোসেনকে ঘিরে দাঁড়িয়ে তাকে সরিয়ে নিয়ে যেতে দেখা যায়।
সম্পাদক:মো: আবু ফাত্তাহ
বেঙ্গল সেন্টার (৬ষ্ঠ তলা) ২৮ তোফখানা রোড ঢাকা-১০০০।
ফোন:০১৬১৮৫১১৫১৭ মেইল: sattyasamacher@gmail.com
Copyright © 2026 sattyasamacher.com. All rights reserved.