
অর্ধশতাব্দী হয়ে গেছে কোনো দেশ মানুষ নিয়ে চাঁদের উদ্দেশে অভিযান চালায়নি। এবার নাসা চার মহাকাশচারীকে নিয়ে যাত্রা শুরু করবে এবং ফিরিয়ে আনবে, যাতে বিভিন্ন সিস্টেম পরীক্ষা করা যায়।
নাসা জানিয়েছে, তারা ফেব্রুয়ারিতেই চারজন মহাকাশচারীকে নিয়ে দশ দিনের এক অভিযানে চাঁদের চারপাশে পাঠানোর আশা করছে।
মার্কিন মহাকাশ সংস্থাটি আগে ঘোষণা করেছিল, এই অভিযান এপ্রিলের শেষ নাগাদ যেকোনো সময় শুরু হতে পারে। তবে এবার তারা ফেব্রুয়ারিতেই মিশনটি এগিয়ে আনার পরিকল্পনা করছে।
বিবিসির প্রতিবেদন সূত্রে জানা গেছে, আর্টেমিস-২ মিশন হলো আর্টেমিস কর্মসূচির দ্বিতীয় ধাপ, যার লক্ষ্য হলো মহাকাশচারীদের চাঁদের মাটিতে অবতরণ করানো এবং দীর্ঘমেয়াদে সেখানে অবস্থান নিশ্চিত করা।
নাসার অ্যাক্টিং ডেপুটি অ্যাসোসিয়েট অ্যাডমিনিস্ট্রেটর লাকিশা হকিন্স বলেন, ‘এটি হবে মহাকাশ অন্বেষণের ইতিহাসে এক গুরুত্বপূর্ণ মুহূর্ত।’
তিনি সংবাদ সম্মেলনে বলেন, ‘আমরা সবাই ইতিহাসের প্রথম সারির দর্শক হতে যাচ্ছি। লঞ্চ উইন্ডো ৫ ফেব্রুয়ারির মতো দ্রুত সময়েও খুলে যেতে পারে। তবে আমাদের সবচেয়ে বড় অগ্রাধিকার হলো নিরাপত্তা।’
আর্টেমিস লঞ্চ ডিরেক্টর চার্লি ব্ল্যাকওয়েল-থম্পসন জানান, মহাকাশচারীদের চাঁদে নিয়ে যাওয়ার জন্য তৈরি শক্তিশালী রকেট সিস্টেম, স্পেস লঞ্চ সিস্টেম (এসএলএস) প্রায় পুরোপুরি প্রস্তুত। এখন শুধু ক্রু ক্যাপসুল ওরায়ন-কে যুক্ত করা এবং গ্রাউন্ড টেস্ট সম্পন্ন করাই বাকি।
প্রথম আর্টেমিস মিশন ২৫ দিনের ছিল, যা ২০২২ সালের নভেম্বরে মানুষবিহীন মহাকাশযান উৎক্ষেপণের মাধ্যমে সম্পন্ন হয়। এতে মহাকাশযানটি চাঁদের চারপাশে ঘুরে পৃথিবীর বায়ুমণ্ডলে পুনঃপ্রবেশ করে।
সম্পাদক:মো: আবু ফাত্তাহ
বেঙ্গল সেন্টার (৬ষ্ঠ তলা) ২৮ তোফখানা রোড ঢাকা-১০০০।
ফোন:০১৬১৮৫১১৫১৭ মেইল: sattyasamacher@gmail.com
Copyright © 2026 sattyasamacher.com. All rights reserved.