প্রিন্ট এর তারিখঃ মার্চ ৩০, ২০২৬, ৫:৪৯ এ.এম || প্রকাশের তারিখঃ মার্চ ২৯, ২০২৬, ৩:৫৪ অপরাহ্ণ
অনলাইনে রিটার্ন দাখিল ৪১ লাখেরও বেশি করদাতার

সত্য সমাচার ডিজিটাল: জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) জানিয়েছে, ৪১ লাখ ৫০ হাজারেরও বেশি করদাতা অনলাইনে রিটার্ন দাখিল করেছেন। রবিবার এনবিআরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
এতে বলা হয়, জাতীয় রাজস্ব বোর্ড ২০২৫-২০২৬ করবর্ষের জন্য কিছু ব্যতিক্রম ছাড়া সব ব্যক্তিশ্রেণির করদাতা কর্তৃক অনলাইনে আয়কর রিটার্ন দাখিল বাধ্যতামূলক করেছে।
ইতিমধ্যে আয়কর রিটার্ন দাখিলের জন্য জাতীয় রাজস্ব বোর্ডের ই-রিটার্ন সিস্টেমে ৫০ লাখের বেশি ব্যক্তিশ্রেণির করদাতা নিবন্ধন করেছেন এবং ৪১ লাখ ৫০ হাজারের বেশি করদাতা ২০২৫-২০২৬ করবর্ষের রিটার্ন অনলাইনে দাখিল করেছেন।
এ বছর ব্যক্তিশ্রেণির করদাতাদের রিটার্ন দাখিলের সময়সীমা আগামী ৩১ মার্চ পর্যন্ত বাড়ানো হয়েছে। তবে ব্যক্তি করদাতা উল্লিখিত সময়ের আগে লিখিত আবেদন করলে সংশ্লিষ্ট কর কমিশনার রিটার্ন দাখিলের জন্য অতিরিক্ত ৯০ দিন পর্যন্ত সময় অনুমোদন করতে পারেন।
রিটার্ন দাখিলের জন্য সময় বাড়ানোর আবেদন এবং অতিরিক্ত সময়ের অনুমোদনের কাজটি সহজ, দ্রুত, স্বচ্ছ ও স্বস্তিদায়ক করার লক্ষ্যে পুরো প্রক্রিয়াটি সম্পন্ন করার জন্য জাতীয় রাজস্ব বোর্ড অনলাইন সিস্টেম চালু করেছে।
করদাতারা এখন সহজেই ই-রিটার্ন সিস্টেমে লগইন করে ‘Time Extension’ মেন্যু ব্যবহারের মাধ্যমে অনলাইনে রিটার্ন দাখিলের জন্য সময় বাড়ানোর আবেদন করতে পারছেন।
সম্পাদক:মো: আবু ফাত্তাহ
বেঙ্গল সেন্টার (৬ষ্ঠ তলা) ২৮ তোফখানা রোড ঢাকা-১০০০।
ফোন:০১৬১৮৫১১৫১৭ মেইল: sattyasamacher@gmail.com
Copyright © 2026 sattyasamacher.com. All rights reserved.